আর্থিক অপরাধ হ্রাসে তথ্য বিশ্লেষণ জরুরি
ব্যাংক, মোবাইল ফোন অপারেটর, সরকারের কর বিভাগ, পুঁজিবাজারসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে এত বেশি তথ্য-উপাত্ত থাকে যে, কারা ভালো গ্রাহক আর কারা প্রতারক অনেক সময়ই তা শনাক্ত করা যায় না। ফলে নানাভাবে আর্থিক অনিয়ম ঘটে থাকে। কিন্তু বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করতে পারলে এসব অনিয়ম রোধ করা যাবে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার ‘আর্থিক অপরাধ থেকে বাজার অর্থনীতিকে রক্ষায় পরিসংখ্যান ও তার বিশ্লেষণের ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে ভারতের এসএএস ইনস্টিটিউট এবং এ দেশীয় প্রতিষ্ঠান জেটাবাইট সলিউশন।সম্মেলনের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘জ্বালানি-সংকট ও যোগাযোগ সমস্যা থাকা সত্ত্বেও সরকার ২০১০ সালের ১৪ নভেম্বর সারা দেশে চার হাজার ৫০০টি তথ্যকেন্দ্র নির্মাণ করে। আগামীকাল তথ্যকেন্দ্রগুলোর এক বছর পূর্তি হচ্ছে।’বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, ভারতের সাবেক প্রধান বিচারপতি এ এম আহমেদি, ভারতের এসএএস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী সুদীপ্তা কে সেন, প্রমুখ।