আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এখন থেকে করপোরেশনের সব আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। সিটি করপোরেশনের তিন প্যানেল মেয়রের সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এ-সংক্রান্ত একটি চিঠি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বুঝে পেয়েছেন। তিনি প্রথম আলোকে জানান, চিঠিতে ভারপ্রাপ্ত মেয়রের পরিবর্তে প্রধান নির্বাহী কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা অর্পণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম গত ২৭ মার্চ পদত্যাগ করেছেন। সিটি করপোরেশনের প্যানেল মেয়ররা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই নাগরিক সেবা অব্যাহত রাখা এবং উন্নয়নমূলক কার্যক্রম চলমান রাখার স্বার্থে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ১০৫-এ প্রদত্ত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সব আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা অর্পণ করা হলো।
সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে মনজুর আলমের পদত্যাগের পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন।