আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে পুরোনো ইজারাদারকে দেওয়ার প্রক্রিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন সাগরিকা গরুর বাজার পুরোনো ইজারাদারদের আবার দেওয়ার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠেছে। ইজরাদারেরা অ্যানথ্রাক্স ও বিশ্বকাপ ক্রিকেটের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে ইতিমধ্যে করপোরেশনে আবেদনও করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সব হাটবাজারের ইজারা গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে। কিন্তু সাগরিকার ইজারা স্থগিত রাখা হয়েছে। অথচ আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ নতুন ইজারাদারের কাছে বাজারের দায়িত্ব হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে।জানা গেছে, ইজারাদারেরা আবেদনে করপোরেশনের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। তাঁদের আবেদনটি ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাগরিকা বাজারের অন্যতম ইজারাদার পাহাড়তলী থানা যুবদলের সভাপতি দিদারুর রহমান। তিনি দাবি করেন, ‘অ্যানথ্রাক্সের কারণে তিন মাস এবং বিশ্বকাপের কারণে ১৫ দিন হাট বন্ধ ছিল। এতে আমাদের ব্যবসার ক্ষতি হয়েছে। আমরা সিটি করপোরেশনের কাছে ওই ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছি। বাজারের ইজারা আবার আমরা না পাওয়ার কোনো কারণ দেখছি না।’জানা গেছে, গত বছর সাগরিকা বাজার চার কোটি ১৭ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। এ ছাড়া মূল্যসংযোজন কর ও অন্যান্য খাত থেকে আরও এক কোটি তিন লাখ টাকা আয় করে সিটি করপোরেশন। চট্টগ্রামে এ বাজারে সবচেয়ে বেশি গবাদিপশু বেচাকেনা হয়।করপোরেশন সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় ও জাতীয় একাধিক দৈনিকে সাগরিকা গরুর বাজারসহ সিটি করপোরেশনের সব হাটবাজারের ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু ১০ ফেব্রুয়ারি আরেকটি বিজ্ঞাপন দিয়ে সাগরিকার ইজারা স্থগিত করা হয়। করপোরেশনের এস্টেট কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘বর্তমান ইজারাদার অ্যানথ্রাক্স ও বিশ্বকাপের কারণে আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে একটি আবেদন করেছেন। সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই আমরা বিষয়টি সুরাহা করব।’চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ঢোকার পথেই সাগরিকা গরুর বাজার। বিশ্বকাপ চলাকালে এলাকার সৌন্দর্য বজায় রাখতে ১৫ দিন বাজার বন্ধ রাখা হয়। ১৪ মার্চের পর থেকে আবার বাজার বসছে।নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী ইজারার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচারের পর অন্তত ১৫ দিন সময় দিতে হয়। এরপর নতুন ইজারাদারের টাকা ব্যাংকে জমা হতে আরও সাত দিন লাগে। এ হিসাবে ইজারার প্রক্রিয়া শেষ করতে ন্যূনতম ২২ দিন সময় লাগে। কিন্তু সিটি করপোরেশনের হাতে সময় আছে ২০ দিন। জানা গেছে, অপেক্ষাকৃত খোলামেলা জায়গা ও বেচাকেনা বেশি হওয়ায় সাগরিকা গরুর বাজারের ইজারার দাম অন্যান্য বাজারের চেয়ে বেশি। গত বছর বাজারটি চার কোটি ১৭ লাখ ১৭ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। আগের বছর ইজারা ছিল তিন কোটি ৮২ লাখ টাকায়।