আর্থিক খাত সন্ত্রস্ত অবস্থায় আছে: অর্থমন্ত্রী
দেশের আর্থিক খাত অত্যন্ত সন্ত্রস্ত অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের গোলাম রাব্বানীর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা গত বছর ব্যাংকিং ও আর্থিক খাতের চুরি ও জালিয়াতির অনেক নিদর্শন পেয়েছি। তা নিয়ে বিভিন্ন ধরনের তদন্ত ও অনুসন্ধান চলছে। ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে সেসব জালিয়াতির বিরুদ্ধে মামলা চলছে। পুরোনো হল-মার্কের মামলা আবার চলছে, ধরপাকড়ও চলছে। কাজেই এ বছর ব্যাংকিং ও আর্থিক খাতে আমরা একটু বিশেষ নজর দিচ্ছি। জালিয়াতি ও চুরি রোধে বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আর্থিক খাতের প্রতিষ্ঠান নিজেরাই এ অবস্থার পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছে।’
তরীকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের মার্চ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ১ লাখ ৩৩ হাজার ৮৩৪ কোটি ৩ লাখ টাকার ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ২৮ হাজার ৫৪০ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ সোনালী ব্যাংকের। ব্যাংকটির ২৯ হাজার ৪০৭ কোটি ৫৫ লাখ টাকার ঋণের মধ্যে খেলাপি ঋণ ৭ হাজার ৯৭৯ কোটি ৩০ লাখ টাকা।
মন্ত্রী আরও বলেন, অগ্রণী ব্যাংকের ২১ হাজার ৭৫৬ কোটি ৭৯ লাখ টাকার ঋণের মধ্যে খেলাপি ৪ হাজার ৫৮৮ কোটি ১৩ লাখ টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ হাজার ৪৯৫ কোটি ৫১ লাখ টাকার ঋণের মধ্যে খেলাপি ৬৩০ কোটি ১২ লাখ টাকা, বেসিক ব্যাংকের ১২ হাজার ৭০১ কোটি ৬৯ লাখ টাকার ঋণের মধ্যে খেলাপি ৬ হাজার ৩০০ কোটি ৮২ লাখ টাকা, জনতা ব্যাংকের ৩২ হাজার ৬১৬ কোটি ২৮ লাখ টাকার ঋণের মধ্যে খেলাপি ২ হাজার ৮৩০ কোটি ৬৮ লাখ টাকা, রূপালী ব্যাংকের ১৪ হাজার ৪৭৮ কোটি ৭৪ লাখ টাকার ঋণের মধ্যে খেলাপি ১ হাজার ৫৪৭ কোটি ৭৬ লাখ টাকা, কৃষি ব্যাংকের ১৬ হাজার ৯৪১ কোটি ৪২ লাখ টাকার ঋণের মধ্যে খেলাপি ৩ হাজার ৮৬১ কোটি ৩৮ লাখ টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৪ হাজার ৪৩৬ কোটি ৫ লাখ টাকার ঋণের মধ্যে খেলাপি ৮০১ কোটি ৯৯ লাখ টাকা।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বহুজাতিক কোম্পানির কর ফাঁকির প্রবণতা একটি আন্তর্জাতিক সমস্যা। আমাদের দেশে ঠিক কত হারে এ ধরনের কোম্পানি কর ফাঁকি দিয়ে থাকে তা নিরূপণ করা দুরূহ। বর্তমান প্রেক্ষাপটে বিদ্যমান চুক্তিগুলো পরিমার্জনের লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড পুরোনো দ্বৈতকর পরিহার চুক্তিগুলো পুনর্বিবেচনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ট্রান্সফার প্রাইসিংয়ের অপব্যবহার বন্ধ ও আন্তসীমান্ত কর ফাঁকি রোধের বিষয়টি অধিকতর গুরুত্বসহ বিবেচনা করে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে রাজস্ব বোর্ডে একটি স্বতন্ত্র ট্রান্সফার প্রাইসিং ইউনিট গঠনের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, দেশে কল ড্রপের পরিমাণ গ্রহণযোগ্য মাত্রায় আছে। তবে সম্প্রতি গ্রাহকসংখ্যা ও কলের পরিমাণ বেড়ে যাওয়ায় কখনো কখনো গ্রাহকেরা ভোগান্তির স্বীকার হচ্ছেন। গ্রাহকদের ভোগান্তি কমাতে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোবাইলে সব ধরনের বিজ্ঞাপন সম্পর্কিত এসএমএস না পাঠানোর বিষয়ে মোবাইল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।
তারানা হালিমের অনুপস্থিতিতে তাঁর পক্ষে প্রশ্নের জবাব দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার দায়ে মোবাইল অপারেটরের মধ্যে সবচেয়ে বেশি সিম জব্দ হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটকের। গত এক বছরে টেলিটকে ১০ হাজার ৮০৫টি সিম জব্দ করা হয়েছে। গত এক বছরে অবৈধ ভিওআইপি বিরোধী ৩৩টি অভিযানে অন্যান্য মোবাইল অপারেটরদের মধ্যে গ্রামীণফোনের ৪ হাজার ৯৫৬টি, এয়ারটেলের ৬ হাজার ৩৬৩টি, রবির ৬ হাজার ৯২৪টি, বাংলালিংকের ১ হাজার ৯১টি সিম এবং সিটিসেলের চারটি ও পিএসটিএন অপারেটর র্যাংগ্সটেলের চারটি রিম জব্দ করা হয়।