আর্থিক খাতে সরকারের স্বচ্ছতার অভাব আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট বাস্তবায়ন ও আর্থিক খাতে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। আজ সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের কয়েকজন সাংসদ এ কথা বলেন।

সরকারি দলের সাংসদ মহীউদ্দীন খান আলমগীর বলেন, সংবিধান অনুযায়ী বাজেটে পরিবর্তন-পরিমার্জনের এখতিয়ার সংসদের। কিন্তু ৩৮টি মন্ত্রণালয় সংসদের অনুমোদন না নিয়ে আগেই টাকা ব্যয় করে ফেলেছে। তাই সম্পূরক বাজেট অনুমোদনের আগে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো উচিত। বাজেট বাস্তবায়নে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান বলেন, গঠিত কমিশন বাজেট বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করবে এবং কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধন করবে।
মহীউদ্দীন খান বলেন, সরকার নিয়ম করেছে, রপ্তানি আয়ের তিন ভাগের এক ভাগ বাইরে বিনিয়োগ করা যাবে। বাস্তবে বিনিয়োগের নামে এই টাকা বাইরে পাচার হয়ে গেছে। তিনি ব্যাংকিং খাতের চুরি ও পুঁজিবাজারের জালিয়াতি রোধেও একটি বিশেষ কমিশন গঠনের দাবি জানান।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, ‘মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কী করে? তারা সঠিক সময়ে অডিট করে না। সরকারের কোথায় কী অনিয়ম হচ্ছে, সেটা আমরা জানতে পারি পাঁচ-ছয় বছর পরে।’ তিনি আরও বলেন, অভ্যাসগত কারণে মন্ত্রণালয়গুলো বাজেটের অতিরিক্ত ব্যয় করে থাকে। এর কারণ সময়মতো টেন্ডার ডাকা হয় না। বিলম্বে কাজ শুরু করা হয়। ততক্ষণে জিনিসপত্রের দাম বেড়ে যায়। তার সঙ্গে আছে মন্ত্রণালয়ের অস্বচ্ছতা ও অনিয়ম।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করে জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ব্যাংক ও পুঁজিবাজারে মারাত্মক সমস্যা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পাঁচ বছরের নিরীক্ষা আপত্তির পরিমাণ ২৮ হাজার কোটি টাকা। সেবা খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রকল্প গ্রহণে পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল থাকে না। রাষ্ট্রের আর্থিক বিভাগ চৌর্যবৃত্তিতে ভরে গেছে। এ দেশে যারা পয়সাওয়ালা হিসেবে পরিচিত, তারাই এসব চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত। বেসিক ব্যাংকে টাকা চুরির আলোচনা শেষ না হতেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট হয়ে গেছে। অর্থমন্ত্রী এসব বিষয়ে কী ব্যবস্থা নিয়েছেন? বাজেট বক্তৃতায় তিনি জিরো টলারেন্সের কথা বললেও লুটেরাদের টিকিটিও স্পর্শ করতে পারছেন না।
জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন বলেন, ‘৩৮টি মন্ত্রণালয় বাজেটের অতিরিক্ত ব্যয় করেছে। এর কারণ প্রকল্পের কাজ শুরুর আগেই কোটি কোটি টাকা ব্যয় হয়ে গেছে। ব্যয় করা টাকা অনুমোদনের জন্য মন্ত্রণালয়গুলো যে দাবি করেছে, সে বিষয়ে আমাদের আপত্তি আছে। কারণ, অতিরিক্ত ব্যয় হওয়া প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। কাজে স্বচ্ছতা নেই। জবাবদিহি নেই।’
তবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার বেহিসেবি খরচ করে না। সরকার কঠোর নজরদারির মাধ্যমে বাজেটের টাকা ব্যয় করেছে।