আর্থিক খাতে সুশাসন ছাড়া বাজেট বাস্তবায়ন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিরোধী দল জাতীয় পার্টি বলেছে, আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। একইভাবে প্রস্তাবিত বাজেটে অনুন্নয়ন ব্যয়ের আধিক্যের সমালোচনা করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মাথাভারী প্রশাসন পুষে বেশি খরচ করলে দেশের উন্নয়ন হবে না।

আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় জাতীয় পার্টির সাংসদ ও প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী বাজেটের তীব্র সমালোচনা করেন।

তাজুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বাজেটে অনুন্নয়নের ব্যয়ের আধিক্য দেখা যাচ্ছে। ফলে উন্নয়ন ব্যয়ের অংশ হ্রাস পেয়েছে। মাথাভারী প্রশাসনের পেছনে এত খরচ হলে উন্নয়ন কীভাবে হবে। তিনি বলেন, প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা, যার এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা যাবে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)। আর অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের বাজেটের চেয়ে ৩২ শতাংশ বেশি। এই অনুন্নয়ন ব্যয়ের বড় একটি অংশ যাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন-ভাতা এবং পেনশনে। এর সঙ্গে বিদেশি ঋণের পুঞ্জীভূত সুদ মেটানোর দায়ও রয়েছে।

প্রস্তাবিত বাজেটে ব্যয়ের ৭১ শতাংশের বেশি অর্থ রাজস্ব খাত থেকে আদায়ের লক্ষ্য পূরণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে তাজুল ইসলাম বলেন, অর্থমন্ত্রী স্বপ্ন বিলাসী মানুষ। তিনি তা স্বীকারও করেন। গত সাত বছরে এই সরকার রাজস্ব আদায় বাড়াতে পেরেছে মাত্র এক দশমিক এক শতাংশ। তাহলে কীভাবে লক্ষ্য পূরণ হবে?

আর্থিক খাতের শৃঙ্খলা নিয়ে সরকারের কাজের সমালোচনা করে তাজুল ইসলাম বলেন, শেয়ারবাজার লুটপাটের তদন্ত কমিটি হলো, কমিটি প্রতিবেদনও দিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। অর্থমন্ত্রী ব্যাংকিং খাতে সাগর চুরির কথা বলেছেন, কিন্তু কীভাবে এই সাগর চুরি বন্ধ হবে, ফাটকাবাজি বন্ধ হবে এটা তাকে সংসদে বলতে হবে। তিনি বলেন, রিজার্ভের টাকা চুরি হয়েছে। কিন্তু এ টাকা ফেরত আনার বিষয়ে বাজেটে তার কোনো বক্তব্য নেই। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় ব্যাংকিং খাতের অনিয়ম বন্ধের বিষয়েও কোনো দিক নির্দেশনা নেই। তিনি শিক্ষার মান পড়ে গেছে বলে অভিযোগ করেন।

আওয়ামী লীগ সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, কোকোর মৃত্যু কীভাবে হয়েছে তার একটা তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, খালেদার অপর পুত্র (তারেক রহমান) ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হাওয়া ভবন করে বাংলাদেশের সম্পদ লুটতরাজ করেছেন। দেশের টাকা বিদেশে পাচার করেছেন। সেটা আদালতেও প্রমাণিত। ইতিমধ্যে কয়েকটি মামলায়ও অপরাধী সাব্যস্ত হয়েছেন। বিদেশে পলাতক হয়েও দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি।

বাজেট আলোচনায় আওয়ামী লীগের সাংসদ দীপু মণি, এ কে এম রহমতুল্লাহ, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), মহিবুর রহমান মানিক, নূরজাহান বেগম, সাগুফতা ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।