দক্ষিণাঞ্চলের পাঁচ উপজেলায় গবেষণার ফল
আর্থিক প্রণোদনা বাল্যবিবাহ প্রতিরোধে ব্যয়সাশ্রয়ী পন্থা
গবেষকেরা বলছেন, সরাসরি আর্থিক প্রণোদনা বাল্যবিবাহ প্রতিরোধে সবচেয়ে ব্যয়সাশ্রয়ী পন্থা। বছরে একটি কিশোরীকে ১৬ মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়ে ১৬ শতাংশ বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়। আর মেয়েদের স্কুলে ভর্তি বাড়ানো যায় ১৭ শতাংশ।
দেশের দক্ষিণাঞ্চলের তিনটি জেলার পাঁচটি উপজেলায় গবেষণা করে এই ফল পাওয়া গেছে। গতকাল বুধবার রাজধানীতে ব্র্যাক সেন্টারে বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকার চিহ্নিতকরণ কর্মশালার শেষ দিনে ‘কস্ট-বেনিফিট অ্যানালাইসিস অব স্ট্র্যাটেজিস টু রিডিউস চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ’ শীর্ষক এই গবেষণার ফল উপস্থাপন করেন বেসরকারি প্রতিষ্ঠান ইনোভেশন ফর পোভার্টি অ্যাকশনের পরামর্শক শাহানা নাজনীন ও কাইল মার্ফি। ডেনমার্ক-ভিত্তিক সংস্থা কোপেনহেগেন কনসেনসাস সেন্টার ও ব্র্যাক যৌথভাবে তিন দিনের এই কর্মশালার আয়োজন করে।
গবেষকেরা ভোলা সদর উপজেলা, পটুয়াখালী সদর ও বাউফল উপজেলা এবং বরিশাল জেলার মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার ১৫৪টি গ্রামে ২০০৬ সালে বাল্যবিবাহ কমানোর লক্ষ্য নিয়ে একটি প্রকল্প শুরু করেন। ১৫ বছরের কম বয়সের মেয়েদের তাঁরা বছরে ১৬ ডলার বা ১ হাজার ২৮০ টাকার আর্থিক প্রণোদনা দেন। ২০১০ সালে এই গবেষণার প্রাথমিক পর্যায় শেষ হয়। তাতে দেখা গেছে, ওই গ্রামগুলোতে বাল্যবিবাহ কমেছে ও স্কুলে মেয়েদের ভর্তির হার বেড়েছে। শাহানা নাজনীন প্রথম আলোকে বলেন, আর্থিক প্রণোদনা দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এটাই প্রথম কোনো উদ্যোগ।
গবেষণাপত্রে বলা হয়েছে, নানা উদ্যোগ নেওয়ার পরও বাংলাদেশে বাল্যবিবাহের হার অনেক বেশি; বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। বয়স ১৮ বছর হওয়ার আগে ৫৯ শতাংশ মেয়ের বিয়ে হয়। এ দেশে মেয়েদের বিয়ের আইনসিদ্ধ বয়স ১৮ বছর।
শাহানা নাজনীন বলেন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে আইন আছে। কিন্তু তারপরও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না। এ ক্ষেত্রে সরাসরি আর্থিক প্রণোদনা কার্যকর পন্থা হতে পারে।
উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের অগ্রাধিকার কী হওয়া উচিত, তা চিহ্নিত করতে গবেষণা করছে ব্র্যাক ও কোপেনহেগেন কনসেনসাস সেন্টার। বাল্যবিবাহ-বিষয়ক এই গবেষণাপত্র ছিল তারই অংশ। কর্মশালায় গবেষণা উপস্থাপন করা হয় বিশিষ্ট ব্যক্তিদের একটি প্যানেলের সামনে। এর সদস্যরা হচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ফিন কিডল্যান্ড, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক কে এ এস মুরশিদ, ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমদ মোশতাক রাজা চৌধুরী এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ।