আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চলমান প্রকল্পগুলোর আর্থিক ব্যবস্থাপনায় কোনো গলতি আছে কি না, খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এই কমিটির অনুমোদন করে।
তদন্ত কমিটির প্রধান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান। অপর দুজন হলেন সিন্ডিকেট সদস্য সাংসদ রুস্তম আলী ফরাজী ও সার্জারি অনুষদের ডিন কনককান্তি বড়ুয়া। সিন্ডিকেটের পরবর্তী সভায় কমিটির প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।
বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছরে ৮৭টি প্রকল্প নেওয়া হয়েছে। কিছু শেষ হয়ে গেছে, কিছু প্রকল্প এখনো চলছে। প্রকল্পের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনার জন্য কমিটিকে হিসাবপত্র মিলিয়ে দেখতে বলা হয়েছে। এটি দুর্নীতি খতিয়ে দেখার কোনো কমিটি নয়। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এ কমিটি করা হয়েছে।