আর্থিক লেনদেন ঘিরেই মূল সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মর্গের ভেতর চলছে লাশের ময়নাতদন্ত। বাইরে স্বজনদের আহাজারি। নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় বাসার মধ্যে খুন হওয়া পাঁচজনের ময়নাতদন্ত গতকাল বিকেলে ভিক্টোরিয়া হাসপাতালে সম্পন্ন হয় l ছবি: প্রথম আলো
মর্গের ভেতর চলছে লাশের ময়নাতদন্ত। বাইরে স্বজনদের আহাজারি। নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় বাসার মধ্যে খুন হওয়া পাঁচজনের ময়নাতদন্ত গতকাল বিকেলে ভিক্টোরিয়া হাসপাতালে সম্পন্ন হয় l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকার একটি বাসায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার পেছনে আর্থিক লেনদেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণে সৃষ্ট বিরোধ থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এর মধ্যে আর্থিক লেনদেনকে ঘিরেই মূল সন্দেহ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের।
ওই ঘটনায় গতকাল রোববার নারায়ণগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। রহস্য উদ্ঘাটনের চেষ্টায় নিহত তাসলিমা বেগমের (৪০) ভাগনে মাহফুজ ও শাহাজাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ ও র্যাবের কয়েকজন কর্মকর্তার ভাষ্যমতে, তাসলিমা সুদে টাকা খাটাতেন। এই কাজের জন্য যাঁদের কাছ থেকে তিনি টাকা নিতেন, তাঁদের পাওনা শোধ করতেন না। এতে তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন পাওনাদারেরা। পাওনাদারদের এড়াতে বারবার বাসাও পাল্টাতেন।
এই কর্মকর্তাদের ভাষ্য, মাহফুজ বিভিন্ন সময় তাসলিমার জা লামিয়াকে (২৫) উত্ত্যক্ত করতেন। এ নিয়ে কয়েক দিন আগে মাহফুজ জুতাপেটার সম্মুখীন হন। এতে ক্ষিপ্ত হন তিনি। শনিবার যে পাঁচজন খুন হন, লামিয়া তাঁদের একজন।
এ ছাড়া তাসলিমার ভাই মোরশেদুল ওরফে মোশাররফের একটি দরজি দোকান ছিল। এ নিয়ে তাঁর সঙ্গে ঢাকার একটি পক্ষের ব্যবসায়িক বিরোধের বিষয়ও এ হত্যাকাণ্ডের নেপথ্য কারণ বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
এসব ব্যাপারে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদউদ্দিন প্রথম আলোকে বলেন, এক নারীর সঙ্গে আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের বিষয় প্রাধান্য দিয়ে তদন্ত চলছে। সম্ভাব্য অন্য কারণগুলোও খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সময় বাসা থেকে কিছু লুটপাট হয়নি বা খোয়া যায়নি।
শনিবার রাতে দুই নম্বর বাবুরাইলের দেওভোগ পাক্কা রোডের ১৩২/১১ নম্বর বাড়ির নিচতলার বাসার তালা ভেঙে তাসলিমা বেগম, তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও জা লামিয়ার (২৫) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। শিশু দুটি ছাড়া অন্যদের গলায় কাপড় বা ওড়না প্যাঁচানো ছিল। প্রত্যেকের কপালের পাশে ছিল আঘাতের চিহ্ন।
নারায়ণগঞ্জ ২০০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও ওই পাঁচজনের ময়নাতদন্তকারী মো. আসাদুজ্জামান বলেন, শ্বাসরোধের পর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করায় প্রত্যেকের মৃত্যু হয়। আঘাতে সবার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আঘাতের ধরন দেখে মনে হচ্ছে, খুনিরা অপেশাদার। তিনি আরও বলেন, খুনের আগে ওই ব্যক্তিদের খাবারে কিছু মেশানো হয়েছিল কি না, তা নির্ণয়ে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
এসপি বলেন, ধারণা করা হচ্ছে, পরিচিতজনেরা রাতে ওই বাসায় আসেন এবং শনিবার সকালে পাঁচজনকে শ্বাসরোধে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করতে রেঞ্চ-জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরও ছয়জনকে।
এ ছয়জনের মধ্যে ছিলেন তাসলিমার স্বামী শফিকুল ইসলাম, দেবর শরিফুল ইসলাম ও মা মোর্শেদা বেগম। জিজ্ঞাসাবাদে মোর্শেদা বেগম ও শফিকুল ইসলাম পুলিশকে বলেন, আগে ঢাকার কলাবাগানের পোড়াবাড়ি এলাকায় ভাড়া থাকতেন তাঁরা। তাসলিমা সেখান থেকে বিভিন্ন লোকের কাছ থেকে সুদের লোভ দেখিয়ে ১২ থেকে ১৩ লাখ টাকা নিয়ে তা খাটিয়েছেন। কিন্তু পাওনা শোধ করতেন না। এ কারণে একজন নারীসহ তিনজন তাসলিমাকে হুমকি দিয়েছিলেন। পাওনাদারদের কারণে তাসলিমা কলাবাগানের বাসা ছেড়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নেন।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মুঠোফোনের সূত্র ধরে হুমকিদাতা ওই তিনজনকে আটকের চেষ্টা চলছে।
মামলা দায়ের: তাসলিমার স্বামী শফিকুল গতকাল সকালে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বিবরণে নাজমা ও শাহজাহান নামের দুই ব্যক্তিকে হুমকিদাতা হিসেবে চিহ্নিত এবং তাসলিমার ভাগনে মাহফুজ হত্যায় জড়িত থাকতে পারেন বলে উল্লেখ করা হয়।
এদিকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে র্যাব ও পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ বাসার কিছু স্থিরচিত্র ধারণ করে। তাতে দেখা যায়, দুই কক্ষের বাসার একটিতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মোরশেদুলের লাশ খাটের ওপর পড়ে আছে। আরেক কক্ষের মেঝেতে পড়ে আছে লামিয়ার গলায় সালোয়ার প্যাঁচানো ও দুই সন্তানের রক্তাক্ত লাশ। ছেলে শান্তর কাঁধে ছিল স্কুলব্যাগ।
গতকাল সকাল থেকেই বাবুরাইলের বাড়িটি ঘিরে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। বাসার কাছের দোকানি আবুল হোসেন ও মো. রনি বলেন, ঘটনার পর তাঁদের মধ্যে ভীতি কাজ করছে।
বাড়ির মালিক ইসমাইল হোসেন বলেন, গত অক্টোবরে মোরশেদুল বাসাটি ভাড়া নেন। শনিবার রাত নয়টার দিকে তাসলিমার দেবর শরিফ বাসায় ফিরে তালা লাগানো দেখতে পান। এ সময় তিনি তাঁর স্ত্রী লামিয়া ও ভাবি তাসলিমার মুঠোফোনে যোগাযোগ করে সাড়া পাননি। পরে তালা কেটে ভেতরে ঢুকে লাশ পড়ে থাকতে দেখেন।
লাশ হস্তান্তর: পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাসলিমার স্বামী শফিকুল ও দেবর শরিফুলকে ছেড়ে দেয়। এরপর তাঁরা হাসপাতালের মর্গ থেকে পাঁচজনের লাশ গ্রহণ করেন।