নারায়ণগঞ্জে সাত খুনের বিষয়ে আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ এ বিষয়ে উপযুক্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে৷ সময়মতো তা প্রকাশ করা হবে৷
গতকাল বুধবার দুদকের মিডিয়া সেন্টারে এপ্রিল মাসের (২০১৪) ‘অভিযোগসংক্রান্ত তথ্য’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ তথ্য জানান৷ সচিব বলেন, সাত খুনের প্রধান আসামি নূর হোসেন ও র৵াবের কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়েও অভিযোগ রয়েছে৷ অবৈধ সম্পদ, আর্থিক লেনদেনের বিষয় অনুসন্ধান শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে৷
সাবেক পূর্ত ও বর্তমান প্রবাসীকল্যাণসচিব খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট পরিবর্তন ও বর্ধিতকরণের তিন মামলার বিষয়ে তদন্ত চলছে বলে উল্লেখ করেন দুদক সচিব৷ তিনি বলেন, তদন্তে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷
রাজউকের আরও অনেক প্লটের আয়তন বাড়ানো, এমনকি দুদকের কোনো কোনো কর্মকর্তাও এ বিষয়ে সুবিধা নিয়েছেন—এমন প্রশ্ন করা হলে সচিব বলেন, ‘আমার বিষয়ও বলছেন তো?’ পরে তিনি ব্যাখ্যা করে বলেন, তাঁর স্ত্রী আলাদাভাবে প্লট পাওয়ার যোগ্য ছিলেন৷ কিন্তু তা না করে তিনি ও স্ত্রী যৌথভাবে পূর্বাচল প্রকল্পে প্লটের জন্য আবেদন করেন৷ তাঁদের পাঁচ কাঠার প্লট দেওয়া হয়৷ পরে তিনি ১০ কাঠার প্লটের জন্য আবেদন করলে তাঁদের সাড়ে সাত কাঠা আয়তনের প্লট বরাদ্দ দেওয়া হয়৷
সচিব বলেন, প্লট পরিবর্তন, বর্ধিতকরণ বা প্লটসংক্রান্ত অনিয়ম প্রমাণিত হলে অবশ্যই সবার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে৷
অপর এক প্রশ্নের জবাবে ফয়জুর রহমান চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেিশ অতিথিদের সম্মাননা ক্রেস্টে সোনা জালিয়াতির বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে৷ পেলেই তদন্তকাজ শুরু হবে৷ সচিব বলেন, নন ফান্ডের ঘটনায় এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংকের আর্থিক লেনদেনের বিষয় জড়িত৷ তাই দুদক হল-মার্ক গ্রুপের নন ফান্ডের প্রায় এক হাজার ৫০০ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনার অনুসন্ধান ও মামলা করবে না৷ ব্যাংক মামলা করলে দুদক অনুসন্ধান না করে সরাসরি তদন্ত করবে৷
তারেক রহমানের খালাসের রায় প্রদানকারী বিচারক মোতাহার হোসেনের অবৈধ সম্পদ বিষয়ে অনুসন্ধান প্রসঙ্গে দুদক সচিব বলেন, তিনি অনুপস্থিত থাকায় অনুসন্ধানে দেরি হচ্ছে৷ তাঁকে দেশে আনার বিষয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে৷
এর আগে লিখিত বক্তব্যে বলা হয়, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গত চার মাসে ৮৮টি মামলার অনুমোদন দিয়েছে দুদক৷ এ ছাড়া ১৪২টি চূড়ান্ত প্রতিবেদন দাখিল ও ১৬১টি অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে৷
গত এপ্রিলে উল্লেখযোগ্য মামলা দায়েরের মধ্যে রয়েছে সিআইডি পরিদর্শক গোলাম সারোয়ার ও তাঁর ছেলে সোলায়মানের বিরুদ্ধে মামলা৷ এর অনুমোদন দিয়েছে কমিশন৷ মোট ৩৮টি মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন এবং ৮৮ জনকে অভিযুক্ত করা হয়েছে৷