আর্থিক লেনদেনে অভিযুক্ত ব্যক্তি হলেন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক লেনদেনের অভিযোগ ওঠা সঞ্জীবন চক্রবর্তীকেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে।

এর প্রতিবাদে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। ক্ষুব্ধ কর্মীদের রামদার কোপে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী আহত হয়েছেন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মীরা অভিযোগ করেন, শামসুজ্জামান কেন্দ্রীয় কমিটিতে পদ পেতে ও তাঁর সমর্থক অপরিচিত কর্মী সঞ্জীবনকে বিশ্ববিদ্যালয় শাখায় গুরুত্বপূর্ণ পদ দিতে কেন্দ্রীয় ছাত্রলীগের কয়েকজন নেতাকে অন্তত পাঁচ লাখ টাকা দিয়েছেন। এ নিয়ে গত বছরের ডিসেম্বর মাসে প্রথম আলোসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

গত বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শামছুজ্জামানকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক, সঞ্জীবন চক্রবর্তীকে শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ইমরান আহমেদ খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, শামসুজ্জামান ও সঞ্জীবনের পদ পাওয়ার খবরে বুধবার রাতে ক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি বড় অংশ। রাত সাড়ে ১২টায় নেতা-কর্মীদের একাংশ ক্যাম্পাসে মিছিল করে। একই সময় বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বিক্ষোভ করে আরেক পক্ষ। তখন ক্যাম্পাসে ঢোকার সময় কয়েকজন কর্মী শামসুজ্জামানের বাঁ হাতে রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যায়।

নতুন সভাপতি সঞ্জীবন চক্রবর্তী বলেন, সম্পূর্ণ ব্যক্তিবিদ্বেষ থেকে একটি চক্র আর্থিক লেনদেনের অপপ্রচার রটিয়েছিল। এর কোনো ভিত্তি তারা প্রমাণ করতে পারেনি।