‘অর্থনৈতিক সংকটের কারণে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও নতুন শিক্ষানীতি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আমরা সরকারকে জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার কথা বলেছি। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা বাড়ানো সম্ভব হয়নি।’ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন রাজশাহীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে গত শনিবার এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। কার্যালয়ের উপপরিচালক তরুণ কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন রাজশাহী সদর আসনের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন, ভাষাসৈনিক আবুল হোসেন, শিক্ষাবিদ রুহুল আমিন প্রামাণিক, তসিকুল ইসলাম, প্রশান্ত সাহা, শফিকুর রহমান, তানবিরুল আলম, নুরুল আলম প্রমুখ। পরে রাশেদ খান মেনন স্থগিত হয়ে যাওয়া টাইম স্কেল চালু ও যুক্তিসংগত বাড়িভাড়া এবং চিকিৎসা-ভাতাসহ বিভিন্ন দাবিতে নগরের ভুবনমোহন পার্কে অনশনরত বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির অনশন ভাঙান। এ ছাড়া তিনি সার্কিট হাউসে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন।