আর্থিক সহায়তা পেলেন সাত নাবিক
সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে দেশে ফেরা সাত বাংলাদেশি নাবিককে পাঁচ লাখ করে মোট ৩৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই নাবিকদের হাতে চেক তুলে দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আর্থিক সহায়তা পাওয়া সাত নাবিক হলেন গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, জাকির হোসাইন, লিমন সরকার, আবুল কাশেম সরদার ও নুরুল হক।
২০১০ সালে এই সাত নাবিক সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হন। চলতি বছরের জুন মাসে তাঁদের জিম্মিদশা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা হয়।
ওই অনুষ্ঠানের পর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গত ৪ আগস্ট মুন্সিগঞ্জের মাওয়ার কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ ‘এমএল পিনাক-৬’-এর তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দুই-এক দিনের মধ্যে প্রতিবেদনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।