আর্থিক সহায়তা পাচ্ছেন না সুবিধাভোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বাগান সৃজন প্রকল্পের সরকারি বরাদ্দের টাকা বন কর্মকর্তারা ভাগবাটোয়ারা করে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বাগান সৃজনে সুবিধাভোগীদের কোনো ধরনের আর্থিক সহায়তা দিচ্ছেন না, বিশেষ করে গাছের চারা, বাঁশ, খুঁটি, রশি ইত্যাদি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এ ছাড়া গাছ পরিচর্যার জন্য প্রতি মাসে যে সম্মানীভাতা দেওয়ার কথা, তা-ও দেওয়া হচ্ছে না। আর কোনো সুবিধাভোগী এখনো চুক্তিপত্র পাননি।উপজেলা বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষেতলালের তিনটি সড়ক ও একটি বাঁধে ১৫ কিলোমিটার বনায়ন করা হয়েছে। প্রতি কিলোমিটারে একজন করে সুবিধাভোগী (পরিচর্যাকারী) রয়েছেন। নীতিমালা অনুযায়ী, প্রতি কিলোমিটার বাগানের জন্য বন বিভাগের পক্ষ থেকে এক হাজার গাছ এবং রোপণের জন্য পারিশ্রমিক দেওয়াসহ বাঁশ, খুঁটি ও দড়ি সরবরাহ করার কথা। এ ছাড়া ১৫ জন সুবিধাভোগীর জন্য প্রতি মাসে সাড়ে ২২ হাজার টাকা বরাদ্দ রয়েছে। আর এসব গাছের ৭০ শতাংশের মালিক ওই সুবিধাভোগীরা—এ সংক্রান্ত একটি চুক্তিপত্র তিন মাসের মধ্যে তাঁদের দেওয়ার নিয়ম রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া থেকে জিয়াপুর পর্যন্ত এক কিলোমিটার, আয়মাপুর থেকে লালাগড় হয়ে চৌমুহনী পর্যন্ত দুই কিলোমিটার, বিলের ঘাট থেকে মহব্বতপুর পর্যন্ত সাত কিলোমিটার এবং রোনার স্লুইসগেট থেকে শিমুলতলী বাগান পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তায় বাগান করা হয়েছে। ১৫ জন সুবিধাভোগীর জায়গায় সাতজন পাওয়া গেছে। কিন্তু এক বছর ধরে ১৫ জন সুবিধাভোগীর ভুয়া তালিকা দেখিয়ে তাঁদের মাসিক সাড়ে ২২ হাজার টাকা বেতনভাতা ওঠানো হয়েছে।স্থানীয় মহব্বতপুর গ্রামের উপকারভোগী বলরাম চন্দ্র বলেন, ‘বন বিভাগ থেকে কিছু গাছ দেওয়া হয়েছিল, কিন্তু এর জন্য স্থানীয় বন কর্মকর্তা আবদুস সালাম সাড়ে তিন হাজার টাকা নিয়েছেন। বাকি সব খরচ নিজেদেরই করতে হয়েছে।’ ক্ষেতলাল নার্সারি বনায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘বরাদ্দ পরে আসে, তাই সময়মতো টাকা দেওয়া যায়নি। আর শিগগিরই সুবিধাভোগীদের চুক্তিপত্র দেওয়া হবে। তবে সুবিধাভোগীদের বেতনভাতা নিয়মিত পরিশোধ করা হয়েছে।’ তবে টাকা কে কে নিয়েছেন, এ ব্যাপারে জানতে চাইলে তিনি কারও নাম বলতে পারেননি।বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে এসব প্রকল্পে সরকারি মোট বরাদ্দের পরিমাণ জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে কালাই অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন। কালাই অফিসের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এম ডি ফিরোজ বিন ইসলাম বলেন, ‘সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই করা হয়েছে।’