আর্থিক সুবিধা নিয়ে পদোন্নতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট রেলওয়ে বিভাগে আর্থিক সুবিধা নিয়ে টিকিট সংগ্রহকারী (টিসি) পদ থেকে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) পদে পদোন্নতি দেওয়ার অভিযোগে উঠেছে। ওই পদোন্নতির জন্য নেওয়া টাকার ভাগাভাগি নিয়ে গত সোমবার দুপুরে লালমনিরহাট রেল ভবনে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে বিভাগের অধীন ট্রাফিক বিভাগে টিসি থেকে টিটিই পদে পদোন্নতির জন্য স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের পাহারায় নয়জনকে ১৯ সেপ্টেম্বর নামকাওয়াস্তে পরীক্ষা নেওয়া হয়। এক দিনের মাথায় তাড়াহুড়া করে প্রতি প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ওই নয় পদে গোপনে পদোন্নতি দেওয়া হয়।
সরকারি বিধি ১৯৮৫ ধারা মতে, একজন প্রার্থীর বিপরীতে চারজন প্রার্থীর অংশ নেওয়ার নিয়ম থাকলেও কর্তৃপক্ষ নিয়মকানুনের তোয়াক্কা না করে প্রতি পদে একজন করে প্রার্থীর পরীক্ষা নিয়ে ওই পদোন্নতি দেয়।
নাম প্রকাশ না করার শর্তে লালমনিরহাট রেলওয়ে ট্রাফিক বিভাগের কয়েকজন টিসি এ পদোন্নতিকে অবৈধ অভিযোগ করে বলেন, যেসব টিসিকে পাঁচ বছর চাকরির মেয়াদ পূর্তিতেই টিটিই পদে পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁদের কয়েকজনের বিরুদ্ধে বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে আদায় করা টাকা আত্মসাতের অভিযোগসহ একাধিক অভিযোগ রয়েছে। নিয়োগসংশ্লিষ্ট কর্মকর্তারা ওই টিসিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে চাকরিতে পদোন্নতি দিয়েছেন। এলাকার যে সন্ত্রাসী বাহিনীর সদস্যদের সহযোগিতায় এ পদোন্নতি পরীক্ষা নেওয়া হয়, ওই বাহিনীর সদস্যরা টাকার ভাগ না পেয়ে গত সোমবার দুপুরে পদোন্নতি কমিটির আহ্বায়ক ও লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্টের (ডিটিএস) কার্যালয় ভাঙচুর করে। এসময়ে পদোন্নতি কমিটির সদস্যসচিব ও লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পার্সোনেল অফিসার রবিউল ইসলাম সেখান থেকে সটকে পড়েন।
রবিউল বলেন, ‘যাঁরা এসব কথা রটিয়ে বেড়াচ্ছেন, তাঁরা নিজেরা লাভবান হতে পারেননি বলেই আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন।’ তিনি এক প্রশ্নের জবাবে বলেন, পদোন্নতিপ্রাপ্ত টিটিইদের কারও কারও বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকেও থাকে, তবে তা এত দিনে মীমাংসা হয়ে যাওয়ার কথা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত সোমবার দুই যুবক এসে ডিটিএসের কার্যালয়ের ভেতরে জোর করে ঢুকে পড়লে গার্ডের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।