আর্দ্রতা রোধে পাঁচ স্তরের মেঝে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটির নিচের আর্দ্রতা প্রতিরোধের জন্য ইদ্রাকপুর কেল্লার অভ্যন্তরে পাঁচ স্তরবিশিষ্ট র্যাম্পড ফ্লোর (পেটানো মেঝে) নির্মাণ করা হয়েছিল। এ ধরনের স্থাপত্যশৈলী এর আগে কোথাও দেখা যায়নি। বৈজ্ঞানিক উপায়ে খনন করে সংরক্ষণ করা গেলে এটা হতে পারে সম্পূর্ণ নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
গতকাল বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোশারফ হোসেন ইদ্রাকপুর কেল্লায় সন্ধান পাওয়া মাটির কলস দেখে প্রথম আলোর কাছে এই মন্তব্য করেন।
গবেষকেরা বলেন, এসব কলস সাধারণ নয়। এর পুরুত্ব অনেক বেশি। এগুলো আসলে কলস আকৃতির পিলার (স্তম্ভ)। পাঁচ স্তরের এই স্থাপত্যশৈলীতে প্রথম অংশে রয়েছে চুন-সুরকি; তারপর কলস আকৃতির পিলার, কলসের তলায় বালু, চারকোনা টালি এবং সব শেষে আবারও চুন-সুরকি।
গবেষকেরা মনে করেন, কলসের তলায় ঢালু স্থলে বালু দেওয়া হয়েছে ভূমিকম্প থেকে স্থাপনা সুরক্ষার জন্য। মাটির নিচের আর্দ্রতার কারণে মেঝে যাতে স্যাঁতসেঁতে না হয়, সে জন্যও এটা করা হতে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান বলেন, এই স্থাপত্য নতুন ধারণা দেবে। মোগল আমলে ইদ্রাকপুর দুর্গটি নির্মাণ হওয়ায় এখানে বাংলো ছিল না। বাংলোটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে। এখানে তৎকালীন মহকুমা প্রশাসকেরা থাকতেন। তাই ধারণা করা হচ্ছে, এই স্থাপত্যশৈলী ব্রিটিশ আমলের।
অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান বলেন, যে স্থানে ডাকবাংলো ছিল, সেখানে ও কেল্লার আশপাশের স্থান গবেষকদের দিয়ে খনন করা হলে এটা নির্মাণের প্রকৃত সময় জানা যাবে। তিনি বলেন, কেবল বাংলোর স্থলে এই স্থাপত্যশৈলী পাওয়া গেলে বোঝা যাবে এটা ব্রিটিশ আমলের। আর গোটা স্থানটিতে পাওয়া গেলে বুঝতে হবে, এটি মোগল আমলে ইদ্রাকপুর দুর্গ নির্মাণের সময়ে করা হয়েছে। কারণ এ ধরনের চুন-সুরকি দুই আমলেই ছিল।
সুফি মোস্তাফিজুর রহমান আরও বলেন, যে আমলেই এই স্থাপত্যশৈলী নির্মাণ করা হোক না কেন, এর মধ্যে নতুনত্ব আছে। যিনি নির্মাণ করেছেন, তিনি অসাধারণ স্থপতি ছিলেন।
গতকালও ইদ্রাকপুর কেল্লায় এই স্থাপত্যশৈলী দেখার জন্য শত শত লোক আসে। দর্শনার্থীদের আসা-যাওয়ায় যাতে এর ক্ষতি না হয়, সে জন্য এর পাশে বাঁশ দিয়ে বেড়া তৈরি করা হয়েছে। টাঙানো হয়েছে সতর্কতামূলক নোটিশ।
জেলা প্রশাসন থেকে প্রকাশিত বইসহ একাধিক বই থেকে জানা যায়, ১৬৬০ সালে ইশা খাঁর সময় ঢাকাকে মগ জলদস্যুদের কবল থেকে সুরক্ষার জন্য ইছামতী নদীর তীরে ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করা হয়। সম্প্রতি ইদ্রাকপুর কেল্লায় নতুন করে সংস্কারকাজ শুরু হয়। গত মঙ্গলবার খনন করতে গিয়ে কেল্লার ভিটায় শত শত মাটির কলসের সন্ধান মেলে।