আর্মড পুলিশের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ চট্টগ্রামে মানববন্ধন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকায় বাংলাদেশ ব্যাংকের আবাসিক প্লট (চক্রেসো) দখলের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্লটের মালিকেরা এতে অংশ নেন। আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ জায়গা দখল করেছে বলে প্লটের মালিকেরা অভিযোগ করেন।শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্লটের মালিকেরা অভিযোগ করেন, কোনো নিয়মনীতি না মেনে এপিবিএন নাসিরাবাদ মৌজায় বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (চক্রেসো) জায়গা দখল করেছে। এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান তাঁরা। বক্তারা দখলদারদের উচ্ছেদে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংক্ষিপ্ত সমাবেশে মো. এছাক হোসেন, হাসান সরওয়ার, নজরুল ইসলাম, আবুল কালাম, হুমায়ুন কবির বক্তব্য দেন। অভিযোগ পাওয়া গেছে, বিরোধপূর্ণ জায়গায় এপিবিএন আড়াআড়ি দেয়াল নির্মাণ করায় তিন সপ্তাহ ধরে ২৩টি পরিবার তাদের বাসাবাড়িতে অবরুদ্ধ হয়ে পড়ে। জানা গেছে, বিরোধপূর্ণ জায়গায় এপিবিএনের দখল ঠেকাতে প্লট মালিক সমিতি হাইকোর্টে একটি রিট করেন। উচ্চ আদালত চার সপ্তাহের মধ্যে সব ধরনের অবকাঠামো ভেঙে ফেলতে এপিবিএনকে নির্দেশ দিয়েছেন।