আর্সেনিক ঝুঁকিতে রায়পুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১০ বছর আগে চালানো হয়েছিল জরিপ। তখন ৯৮ শতাংশ অগভীর নলকূপের পানিতেই মাত্রাতিরিক্ত আর্সেনিকের সন্ধান পাওয়া গিয়েছিল। এরপর আর কোনো পরীক্ষা চালানো হয়নি। বর্তমানে সেই সব ঝুঁকিপূর্ণ নলকূপ থেকেই পানি পান করছে এলাকাবাসী।রায়পুর জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, ইউএনডিপির অর্থায়নে ২০০১ সালে রায়পুরের ১০টি ইউনিয়নে আর্সেনিক পরীক্ষা করা হয়। সে সময়ের জরিপে ৯৮ শতাংশ অগভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের সন্ধান পাওয়া যায়। এগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। তবে অগভীর নলকূপ ছাড়াও উপজেলায় দুই হাজারের বেশি গভীর নলকূপ রয়েছে। এগুলোর পানি আর্সেনিকমুক্ত কি না, তা এখনো পরীক্ষা করা হয়নি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, ‘২০০১ সালের পর আর কোনো নলকূপের পানি পরীক্ষা করা হয়নি। তবে বর্তমানে ব্যক্তি উদ্যোগে কেউ পানি নিয়ে এলে আমরা ল্যাবে তা পরীক্ষা করে দিই। সরঞ্জাম ও জনবল না থাকায় আমরা ব্যাপকভাবে আর্সেনিক পরীক্ষার কাজ শুরু করতে পারছি না। এতে বর্তমানে আর্সেনিকের প্রকৃত চিত্র কী, তা বোঝা যাচ্ছে না।’রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এমদাদুল হক জানান, গত বছরের জুন মাসে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের দিয়ে এলাকায় আর্সেনিক রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে রায়পুরে আটজনকে পাওয়া গেছে, যারা আর্সেনিকযুক্ত পানি পান করে আক্রান্ত হয়েছে। নলকূপগুলোর পানিতে আর্সেনিকের মাত্রা আবার পরীক্ষা করা জরুরি হয়ে পড়েছে।১৯৯৯ সালে রায়পুরে ১০ জন আর্সেনিকে আক্রান্ত হয়েছিল। তারা রায়পুর হাসপাতালে চিকিৎসা নিয়েছিল।