আর্সেনিক বিষযুক্ত পানি পান করছে রোগীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরবেষ্টিত ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আর্সেনিকমুক্ত কোনো নলকূপ নেই। তাই হাসপাতালের রোগী ও আবাসিক ভবনে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের আর্সেনিক বিষযুক্ত পানি পান করতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মচারীদের ব্যবহারের জন্য সাতটি নলকূপ থাকলেও এর ছয়টি দীর্ঘদিন ধরে অকেজো। অবশিষ্ট নলকূপটির পানি দুই সপ্তাহ আগে পরীক্ষা করলে এতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়। আশপাশে আর্সেনিকমুক্ত কোনো নলকূপ না থাকায় রোগী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনকে জেনেশুনে এই পানি পান করতে হচ্ছে।সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী আমজাদ বলেন, খবরটি অত্যন্ত দুঃখ ও হতাশাজনক। দ্রুত এই সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার বলেন, ‘আর্সেনিক বিষযুক্ত পানি একাধারে ছয় মাস পান করলে আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। হাসপাতাল চত্বরে সচল নলকূপটিতে রয়েছে মাত্রাতিরিক্ত আর্সেনিক। এ অবস্থায় আর্সেনিকোসিস রোগ থেকে রক্ষা পেতে বাজার থেকে বোতলজাত বিশুদ্ধ পানি কিনে পান করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, এই সমস্যা সমাধানে শিগগিরই যথাযথ উদ্যোগ নেওয়া হবে।