আর্সেনিক বিষযুক্ত পানি পান করছে শিক্ষার্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরবেষ্টিত ধরমপাশা উপজেলার ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপ দীর্ঘদিন ধরে অকেজো। এ ছাড়া ২১টি বিদ্যালয়ের নলকূপের পানিকে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। এই অবস্থায় এখানকার প্রায় ১৫ হাজার শিক্ষার্থী সুপেয় পানির সংকটে রয়েছে। উপায়ন্তর না পেয়ে অনেক শিক্ষার্থী আর্সেনিকযুক্ত পানি করছে বলেও জানা গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে ৯৮টি সরকারি ও ৮৭টি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৮৩টি বিদ্যালয়ের নলকূপ দীর্ঘদিন ধরে অকেজো। আর ১০২টি বিদ্যালয়ে নলকূপ থাকলেও এর ২১টিতে আর্সেনিক মাত্রাতিরিক্ত। কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, পরিত্যক্ত নলকূপগুলোর কয়েকটির মাথা নেই, পাইপলাইন নষ্ট। চামরদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাকর তালুকদার বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পানীয় জলের সংকটে রয়েছে। উপজেলা মাসিক সমন্বয় কমিটির আগামী সভায় আমি এ নিয়ে কথা বলব।’ সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ পাল জানান, তাঁর বিদ্যালয়ের নলকূপটি পাঁচ বছর ধরে অকেজো। মেরামতের চেষ্টা করেও কোনো লাভ হয়নি। বিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থী খাবার পানির জন্য দুর্ভোগ পোহাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। খয়েরদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আক্তার চৌধুরী জানান, এ বিদ্যালয়ের নলকূপটিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে বলে দুই মাস আগে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের লোকজন। নিরুপায় হয়ে শিক্ষার্থীদের এ বিষাক্ত পানি পান করতে হচ্ছে। ভাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোফেল আহমদ বলেন, বিদ্যালয়ের আশপাশে আর্সেনিকমুক্ত নলকূপ না থাকায় বছর খানেক ধরে নিরুপায় হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কে এ বিদ্যালয়ের আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বুলবুল আহমেদ মণ্ডল বলেন, ‘এ উপজেলার ১৮৫টি বিদ্যালয়ের মধ্যে ৮৩টি বিদ্যালয়ের নলকূপই অকেজো। সচল থাকা ১০২টি বিদ্যালয়ের নলকূপের মধ্যে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে ২১টিতে। এই অবস্থায় এখানকার প্রায় ১৫ হাজার শিক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত ২৭ নভেম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ-সংক্রান্ত প্রতিবেদনটি পাঠানো হয়েছে। সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ উপজেলার বেশ কিছু গভীর নলকূপেই মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। তাই নতুন করে নলকূপ স্থাপনের কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে এ সমস্যা সমাধানে শিগগিরই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’