আর্সেনিক বিষয়ে আরও গবেষণা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনিকের মূল কারণ হিসেবে ভূ-গর্ভস্থ পানিকে দায়ী করা হলেও এর অন্যান্য উৎস জানতে হলে আরও গবেষণার প্রয়োজন। এটি শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক ও সামাজিক সমস্যায় পরিণত হচ্ছে। দেশের জনগণকে এ ব্যাপারে সচেতন করতে না পারলে এ রোগ ভয়াবহ আকারে দেখা দেবে। এ জন্য সরকার, চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বিত উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত ‘ক্রনিক আর্সেনিকোসিস: অ্যান ইমার্জিং হেলথ হ্যাজার্ড ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। নগরের জিইসি মোড়ের বিএমএ ভবনে এই সেমিনার হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল মাওলা।বিএমএর চট্টগ্রাম শাখার সভাপতি শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের চট্টগ্রাম কলেজ শাখার আহ্বায়ক মো. মুজিবুল হক খান ও চট্টগ্রাম জেলা শাখার সদস্য-সচিব মো. শরীফ।প্রবন্ধের ওপর আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশে পার্বত্য এলাকার দুটি জেলা ছাড়া ৬২টি জেলায় অসহনীয় মাত্রায় আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। আর্সেনিকের মাত্রাতিরিক্ত প্রভাবের ফলে শরীরের বিভিন্ন স্থানে ক্যানসারসহ অনেক জটিল রোগ দেখা দেয়। তৃতীয় বিশ্বের লোকেরাই এই ভয়াবহতার শিকার। তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধের পন্থা বের করতে হবে।বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এম রুহুল আমিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান মনছুরুল আলম।