বাংলাদেশের মানুষের মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে আর্সেনিক। সব ধরনের রোগেই মৃত্যু হয়, তবে আর্সেনিকের কারণে রোগগ্রস্ত মানুষের মৃত্যু ত্বরান্বিত হয়। ক্যানসার, হূদরোগ, ডায়াবেটিস বা অন্য ক্রনিক রোগে মৃত্যুঝুঁকি আরও বাড়ায় আর্সেনিক। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মানুষের ওপর ১০ বছর গবেষণা করে বিজ্ঞানী ও চিকিৎসকেরা এ সিদ্ধান্তে এসেছেন। তাঁদের এই গবেষণার ওপর ভিত্তি করে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ বিশ্বখ্যাত স্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট ১৯ জুন প্রকাশ করেছে।মোট ১১ হাজার ৭৪৬ জন মানুষের ওপর জরিপ করেছেন গবেষকেরা। অক্টোবর ২০০০ থেকে ফেব্রুয়ারি ২০০৯ সময়ের মধ্যে এসব মানুষের ৪০৭ জন মারা যায়। তাদের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, প্রতি লিটার পানিতে ১৫০ মাইক্রোগ্রাম আর্সেনিকযুক্ত পানি পান করার ফলে ক্রনিক ডিজিজে (ক্যানসার, হূদরোগ, ডায়াবেটিসের মতো রোগ) আক্রান্ত ব্যক্তির মৃত্যুঝুঁকি ৬৪ শতাংশ বেড়েছে। সাধারণ রোগে আক্রান্ত ব্যক্তিরও মৃত্যুঝুঁকি বাড়ে প্রায় সমপরিমাণে। এই গবেষণা প্রকল্পের সঙ্গে জড়িত একজন চিকিৎসক বলেছেন, ‘আর্সেনিকযুক্ত পানি পান না করলে মানুষের মৃত্যু কম হতো।’ গবেষকেরা বলছেন, পানিতে কী পরিমাণ আর্সেনিক আছে এবং কত দিন ধরে একজন আর্সেনিকযুক্ত পানি পান করছে—এ রকম বিষয়গুলোর সঙ্গে মৃত্যুঝুঁকি সম্পর্কিত।গবেষণা শুরু হয় ২০০০ সালের অক্টোবরে। আড়াইহাজার এলাকায় কমপক্ষে পাঁচ বছর ধরে বাস করছেন এমন বিবাহিত পুরুষ বা নারীকে তাঁরা জরিপের আওতায় নেন। তাঁদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। বিবাহিত ব্যক্তিদের জরিপের আওতায় নেওয়ার কারণ হিসেবে গবেষকেরা বলছেন, তাঁদের এলাকা ছেড়ে যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম এবং তাঁদের ফলোআপ করা সহজ। শুরুতে এলাকার পাঁচ হাজার ৯৯৬টি নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি ও পরিমাণ পরীক্ষা করা হয় এবং একদল প্রশিক্ষিত চিকিৎসক জরিপের অংশগ্রহণকারী প্রত্যেকের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং স্বাস্থ্য পরিস্থিতির তথ্য সংগ্রহ করেন। পরীক্ষার জন্য প্রস্রাব ও রক্ত প্রত্যেক অংশগ্রহণকারীর বাড়ি থেকে সংগ্রহ করা হয়। এসব চিকিৎসক জানতেন না অংশগ্রহণকারীরা যে পানি পান করেন তাতে কী পরিমাণ আর্সেনিক আছে। এরপর ২০০২ সালের সেপ্টেম্বর থেকে মে ২০০৪ (ফলোআপ-১); জুন ২০০৪ থেকে আগস্ট ২০০৬ (ফলোআপ-২) এবং জানুয়ারি ২০০৭ থেকে ফেব্রুয়ারি ২০০৯ (ফলোআপ-৩) সময়ের মধ্যে প্রত্যেকের কাছে গিয়ে একইভাবে তথ্য সংগ্রহ করা হয়। ল্যানসেটের প্রবন্ধে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, মেক্সিকো, মঙ্গোলিয়া, আর্জেন্টিনা, ভারত, চিলি ও বাংলাদেশে ভূগর্ভস্থ পানির আর্সেনিক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের আর্সেনিক সমস্যাকে বলেছে, জনগোষ্ঠীর গণবিষের শিকারে পরিণত হওয়া ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। বাংলাদেশের আনুমানিক সাড়ে তিন কোটি থেকে সাত কোটি ৭০ লাখ মানুষ দীর্ঘস্থায়ীভাবে (ক্রনিক অর্থে) আর্সেনিকের বিষক্রিয়ার শিকার। এই সমস্যা শুরু হয়েছিল সত্তরের দশকে লাখ লাখ নলকূপ স্থাপনের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশে সমস্যাটি নব্বইয়ের দশকের আগ পর্যন্ত অজানাই ছিল।ওই প্রবন্ধে আরও বলা হয়েছে আর্সেনিকের বিষক্রিয়ায় যকৃৎ, ত্বক, কিডনি, ফুসফুস ও হূৎপিণ্ডের ক্যানসার হতে পারে। পানিতে আর্সেনিকের মাত্রা ক্যানসার আক্রান্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত। দীর্ঘস্থায়ী রোগে মৃত্যুহার বৃদ্ধিতে আর্সেনিকের সম্পৃক্ততার বিষয়টি আগেও বিভিন্ন গবেষণায় পাওয়া গিয়েছিল। এসব গবেষণা যুক্তরাষ্ট্র, চিলি, আর্জেন্টিনা, তাইওয়ান ও বাংলাদেশে হয়েছিল। বাংলাদেশে গবেষণাটি হয়েছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) উদ্যোগে মতলবে। তবে ওসব গবেষণায় কিছু সীমাবদ্ধতার কারণে নিশ্চিত হওয়া যাচ্ছিল না যে মৃত্যুহার বৃদ্ধি এবং আর্সেনিক বিষক্রিয়ার মধ্যে সম্পর্ক আছে।বর্তমান ‘হেলথ ইফেক্টস অব আর্সেনিক লংজিটিউডিনাল স্টাডি’ শিরোনামের গবেষণায় সম্পর্কটি অনুসন্ধান করা হয়েছে। এই গবেষণায় আর্সেনিকের কারণে সাধারণ রোগে মৃত্যুঝুঁকি বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী রোগে মৃত্যুঝুঁকি বৃদ্ধির সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির নলকূপের আর্সেনিকযুক্ত পানি পানের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাঁর প্রস্রাবে আর্সেনিকের উপস্থিতির মাত্রা বেশ কয়েকবার পরিমাপ করা হয়েছে। দুই থেকে চার বছরের মাথায় আর্সেনিকের বিষক্রিয়ার পরিবর্তন সাধারণ রোগে মৃত্যুঝুঁকি কী পরিমাণ বৃদ্ধি করছে, তারও মূল্যায়ন করেছেন গবেষকেরা। গবেষণা এলাকার ৪০৭টি মৃত্যুর কারণ বিশ্লেষণ করেছেন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকেরা। গবেষকেরা নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা, পানির মাধ্যমে ব্যক্তির দৈনিক আর্সেনিক গ্রহণের পরিমাণ এবং প্রস্রাবে আর্সেনিকের উপস্থিতি বিশ্লেষণ করেছেন।ব্রিটেন থেকে ১৮২৩ সালে ল্যানসেটের প্রকাশনা শুরু হয়। বর্তমানে লন্ডন ও নিউইয়র্ক থেকে একযোগে প্রতি সপ্তাহে এটি প্রকাশিত হয়। স্বাস্থ্য বিষয়ে বিশ্বব্যাপী নীতিনির্ধারণের ক্ষেত্রে ল্যানসেটের বিশেষ প্রভাব আছে। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশের একাধিক বিজ্ঞানী ও গবেষকের প্রবন্ধ এতে ছাপা হয়েছে। বাংলাদেশের আর্সেনিক সমস্যা নিয়ে এ ধরনের বৈজ্ঞানিক প্রবন্ধ ল্যানসেটে এটাই প্রথম ছাপা হলো। গবেষণার মূল কাজটি করেছেন ১৫ জন। তাঁদের মধ্যে সাতজন বাংলাদেশি, তাঁরা হলেন: ফারুক পারভেজ, তারিকুল ইসলাম, আলাউদ্দীন আহমেদ, মোহাম্মদ রাকিবউজ্জামান, রবিউল হাসান, গোলাম সারওয়ার ও হাবিবুল হাসান। এই গবেষণায় অর্থায়ন করেছে ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। গবেষকেরা বলছেন, গবেষণার নকশা, তথ্য সংগ্রহ, তথ্যের ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং প্রবন্ধ লেখার ক্ষেত্রে অর্থদাতার কোনো ভূমিকা ছিল না।গবেষণার ফলাফলে বলা হচ্ছে, আর্সেনিকযুক্ত পানি পান করলে মৃত্যুহার বাড়ে; আর্সেনিকের বিষক্রিয়া মৃত্যুর প্রধান কারণ নয় বরং তা মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়। প্রতিদিন মোট আর্সেনিক গ্রহণ ও প্রস্রাবে আর্সেনিকের পরিমাণের মধ্যে সম্পর্ক আছে। পানিতে আর্সেনিক বেশি থাকলে মৃত্যুঝুঁকিও বেশি। আড়াইহাজারের গবেষণায় দেখা গেছে, আর্সেনিকযুক্ত পানি পানের কারণে গড়ে সাধারণ রোগে মৃত্যুঝুঁকি ২১ শতাংশ এবং দীর্ঘস্থায়ী রোগে মৃত্যুঝুঁকি ২৪ শতাংশ বেড়েছে।