আর্সেনিকমুক্ত পানির জন্য আরও উদ্যোগ দরকার সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খায়রুল ইসলাম

নলকূপ স্থাপনের মাধ্যমে ১৯৭০-৮০–এর দশকে বাংলাদেশের গ্রামীণ অবকাঠামোতে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থার উন্নতি হয়। আর নব্বইয়ের দশকের শুরুতে আর্সেনিকের প্রকোপ ধরা পড়ে। আন্তর্জাতিক চাপে সরকার ২০০৩ সালে নলকূপে আর্সেনিকের উপস্থিতি নিয়ে সমীক্ষা করে। কিন্তু পরে নলকূপের পানিতে আর্সেনিক শনাক্ত ও প্রশাসনের প্রকল্পটি বন্ধ হয়ে যায়।

আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট করে বলেছিল, ২০১৫ সালের মধ্যে ঘরে ঘরে আর্সেনিকমুক্ত পানি সরবরাহ করবে। ২০০৯-১০ অর্থবছরের বাজেটে পানি ও পয়োনিষ্কাশন খাতে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর আগে এই খাতে এত বড় বরাদ্দ কখনোই ছিল না। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হলেও স্থানীয় সরকার বিভাগ বা এর অধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর্সেনিক প্রশমনে সুনির্দিষ্ট কোনো প্রকল্প নিতে পারেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের তথ্যে দেখা যায়, ২০০৯ সাল থেকে ক্রমান্বয়ে দেশে আর্সেনিকোসিস রোগীর সংখ্যা বাড়ছিল। ২০০৯ সালে ছিল ২৪ হাজার আর ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৬৬ হাজারে। কিন্তু এরপর থেকে আর্সেনিকোসিস রোগীর কোনো তথ্য স্বাস্থ্য অধিদপ্তর দেয় না। বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও আর্সেনিক সুনির্দিষ্ট কোনো প্রকল্পও নেওয়া হয়নি। স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বজনিত দুর্বলতায় এবং আর্সেনিক প্রশমনে নজর না দেওয়ায় রোগী বাড়ছিল, আর্সেনিকমুক্ত পানি সরবরাহেও অগ্রগতি হচ্ছিল না।

প্রতি লিটারে দশমিক শূন্য ৫ মিলিগ্রামের কম আর্সেনিক থাকলে সেই পানি নিরাপদ (এটি বাংলাদেশ সরকারের নির্ধারণ করা মান) বলে মনে করা হয়। সে হিসাবে ২০০৯ সালে দেশের সাড়ে ১৪ শতাংশ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে ছিল। ২০১৫ সালে তা কিছুটা কমে হয় ১২ দশমিক ৪ শতাংশ। তবে আন্তর্জাতিক মান অনুযায়ী, ১ লিটার পানিতে দশমিক শূন্য ১ মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে সেই পানি আর নিরাপদ নয়। আন্তর্জাতিক মান অনুযায়ী, ২০১৫ সালে দেশের প্রায় ২৫ শতাংশ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে ছিল। অর্থাৎ যে সময় আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে আর্সেনিকমুক্ত পানি সরবরাহ করার কথা বলেছিল, সে সময়ও আন্তর্জাতিক মানদণ্ডে দেশের আর্সেনিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

২০১৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য দিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় ‘গণবিষের’ উদাহরণ বাংলাদেশের আর্সেনিক পরিস্থিতি। প্রায় দুই কোটি মানুষ আর্সেনিক বিষের ঝুঁকিতে রয়েছে। এ প্রতিবেদন প্রকাশের পর সুশীল সমাজ একে সরকারের চরম অবহেলার ফল বলে উল্লেখ করে।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রকাশের বছরখানেকের মাথায় আর্সেনিকমুক্ত পানি সরবরাহে প্রায় দুই হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়। অনেক দেরিতে হলেও সরকার একটি প্রকল্প নিয়েছে, এটি ইতিবাচক। কিন্তু এখন যে হারে আর্সেনিক প্রশমন হচ্ছে, তাতে বিশ্বমান অনুযায়ী আর্সেনিকমুক্ত হতে আরও ১৭ বছর লাগবে। তত দিনে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের সময় পেরিয়ে যাবে। তাই সরকারকে আর্সেনিক প্রশমনের গতি ত্বরান্বিত করতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, ২০১৯ সালে দেশে আর্সেনিকযুক্ত পানি পান করছেন ১১ দশমিক ৮ শতাংশ মানুষ। সিলেট বিভাগের ৪০ শতাংশ আর চট্টগ্রাম বিভাগের ৩১ শতাংশ মানুষ আর্সেনিকযুক্ত পানি পান করছে। আর্সেনিক প্রশমন কার্যক্রমের ক্ষেত্রে এই দুই বিভাগে জোর দিতে হবে।

গবেষণায় দেখা গেছে, আর্সেনিকমুক্ত পানি সরবরাহে গভীর নলকূপের ওপর নির্ভর হওয়ায় ভূগর্ভস্থ আর্সেনিকের স্তর ওপরে উঠে আসছে। সরকারের উচিত হবে পানি পরিকল্পনায় ভূতত্ত্ববিদদের যুক্ত করে আর্সেনিকের ঝুঁকির বিষয়টি নজরে রাখা। কিছু গবেষণায় কৃষিপণ্যে আর্সেনিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে। কৃষিকাজে মাটির উপরিভাগে পানির ব্যবহার বাড়ানো এবং লাগসই প্রযুক্তির ব্যবহার করে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো দরকার। যাতে খাদ্যশৃঙ্খল আর্সেনিকমুক্ত থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ১৯৫৮ সালে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা দশমিক ২০ মিলিগ্রাম নির্ধারণ করে। ১৯৬৩ সালে তা কমিয়ে আনে দশমিক শূন্য ৫ মিলিগ্রামে। এরপর ১৯৯৩ সালে তা দশমিক শূন্য ১ মিলিগ্রামে কমিয়ে আনা হয়। বিশ্বের সব দেশ আর্সেনিকের সহনীয় মাত্রা কমিয়ে আনলেও বাংলাদেশ ১৯৬৩ সালের সেই হিসাব পরিবর্তন করেনি। সুপেয় পানির ক্ষেত্রে বাংলাদেশে আর্সেনিকের দুটি মানদণ্ড অনুসরণ করতে হয়। অবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া উচিত সরকারের।