আর্সেনিকমুক্ত ৭৩৮টি নলকূপের অধিকাংশই নষ্ট
চাঁদপুরের হাজীগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বসানো ৭৩৮টি আর্সেনিকমুক্ত গভীর নলকূপের বেশির ভাগই অকেজো পড়ে আছে। এতে আর্সেনিকমুক্ত পানির উৎস দিন দিন কমে যাচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত উপজেলায় ৭৩৮টি আর্সেনিকমুক্ত গভীর নলকূপ বসানো হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, রাজারগাঁও ইউনিয়নে ৪৬টি গভীর নলকূপের মধ্যে ৩৫টি, কালচোঁ (দ.) ইউনিয়নে ৮১টির মধ্যে ৫৬টি, হাটিলা (প.) ইউনিয়নে ৪৯টির মধ্যে প্রায় ৩০টি, গন্ধর্ব্যপুর (দ.) ইউনিয়নে ৭৫টির মধ্যে প্রায় অর্ধেকই নষ্ট। বড়কুল (পূর্ব) ইউনিয়নে ৬১টি গভীর নলকূপের মধ্যে প্রায় ৪০টি, বড়কুল (প.) ইউনিয়নে ৬৬টির মধ্যে প্রায় ২০টি, কালচোঁ (উ.) ইউনিয়নে ৪৬টির মধ্যে ৩০টি নষ্ট। কর্তৃপক্ষের যথাযথ তদারকি ও ব্যবস্থাপনার অভাবে নলকূপগুলো নষ্ট অবস্থায় পড়ে আছে। এ ছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নেও খোঁজ নিয়ে জানা গেছে সেখানকার অধিকাংশ নলকূপ অকেজো রয়েছে।সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের কামাল হোসেন জানান, তাঁর গ্রামের ছয়টি নলকূপের পাঁচটি নষ্ট। একটি সূত্র জানায়, উপজেলায় অগভীর নলকূপ আছে তিন হাজার ১২৫টি। এসব নলকূপের মধ্যে ৯৮ শতাংশের পানিই আর্সেনিক যুক্ত। শুধু হাটিলা গ্রামেই ২৯২টি অগভীর নলকূপের মধ্যে ২৬২টি আসের্নিকযুক্ত। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে মাঝেমধ্যে কিছু নলকূপ অকেজো হয়ে যায়। অল্প জনবল দিয়েও সব সময় এসব নলকূপ সচল রাখার চেষ্টা করা হয়। তিনি বলেন, পানির স্থিতি সমতা দিন দিন নিম্নমুখী হওয়ায় অকেজো নলকূপের সংখ্যা বাড়ছে। তিনি দাবি করেন, উপজেলায় মাত্র ৯০টি গভীর নলকূপ নষ্ট আছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, হাজীগঞ্জে এ পর্যন্ত ৬৭৩ জন আর্সেনিক রোগী শনাক্ত করা হয়েছে। তিনি জানান, হাজীগঞ্জে আর্সেনিকের মাত্রা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। এ জন্য সবার আগে মানুষের খাওয়ার জন্য আর্সেনিকমুক্ত পানির উৎস নিশ্চিত করতে হবে।