আর্সেনিকের ভয়ে মানুষ গ্রামছাড়া
আর্সেনিক বিষক্রিয়ায় ক্যানসারে আক্রান্ত হয়ে যশোরের চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামের একই পরিবারের ছয়জন মারা গেছে। এসব মৃত্যুতে ভয়ে গ্রাম ছেড়েছে ছয়টি পরিবার। এলাকা ঘুরে জানা গেছে, শুধু মাড়ুয়া গ্রাম নয়, উপজেলার কয়ারপাড়া, শার্শা উপজেলার সামটা ও ট্যাংরা গ্রামের কমপক্ষে ২০টি পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। এ পর্যন্ত শার্শা ও চৌগাছার অর্ধশতাধিক মানুষ আর্সেনিকের বিষক্রিয়ায় মারা গেছে।বেসরকারি সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের যশোরের স্বাস্থ্য কর্মকর্তা সাবিহা সুলতানা বলেন, যশোর জেলায় আর্সেনিকের বিষে অন্তত তিন হাজার মানুষ আক্রান্ত। জেলার শার্শা, চৌগাছা ও ঝিকরগাছায় আর্সেনিকের প্রকোপ সবচেয়ে বেশি। চৌগাছায় ৯৫০ ও শার্শা উপজেলায় অন্তত ৫৫০ জন মানুষ এখন আর্সেনিকের বিষে আক্রান্ত। তিনি বলেন, উপজেলাগুলোর কয়েকটি গ্রামের শতকরা ৬০ ভাগ মানুষ আর্সেনিকে আক্রান্ত।চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামে গিয়ে জানা যায়, এ গ্রামের শিক্ষক আলতাফ হোসেনসহ চার ভাই, বাবা ও মা গত কয়েক বছরে আর্সেনিক বিষক্রিয়ায় ক্যানসার হয়ে মারা গেছেন। আলতাফ হোসেনের বাড়িতে গিয়ে দেখা গেল, চারদিকে সুনসান নীরবতা। বাড়িতে কেউ নেই। ঘরে তালা ঝুলছে। মনে হয় কতকাল সেখানে কেউ থাকে না। একই অবস্থা অপর দুই ভাই আবদুল আজিজ ও ইউসুফ আলীর বাড়িতেও। বেঁচে আছেন একমাত্র ভাই মিজানুর রহমান। তিনিও আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত। তাঁর শরীরেও ক্যানসারের প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তিনি তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গ্রামেই থাকেন।মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভাইদের মৃত্যুর পর ভাবিরা মুষড়ে পড়েন। তাঁরা ভয়ে ছেলেমেয়ে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেছেন। যাওয়ার জায়গা থাকলে আমিও চলে যেতাম। সব সময় ক্যানসারের ভয় আমাদের তাড়া করে বেড়ায়।’গ্রাম ছেড়ে চলে যাওয়া আবদুল আজিজের স্ত্রী ফিরোজা বেগম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ‘চোখের সামনে স্বামীসহ ছয়জনকে ক্যানসারে অকালে মরতে দেখলাম। ওখানে থাকলে আমরাও বাঁচতাম না। তাই চৌগাছা বাজারে এসে ঘর ভাড়া করে থাকছি।’আলতাফ হোসেনের ছেলে বুলবুল আহমেদ বলেন, গ্রামের মধ্যে তাঁদের টিউবওয়েলের পানিতে সবচেয়ে বেশি পরিমাণে আর্সেনিক। তাঁর বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে যশোর শহরে চলে এসেছেন। এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের স্থানীয় মাঠকর্মী আনোয়ার হোসেন বলেন, এ গ্রামের দক্ষিণপাড়ার আফজাল হোসেন, আবদুল মাজেদ, ইদ্রিস আলী এবং পার্শ্ববর্তী কয়ারপাড়া গ্রামের নার্গিস আক্তারসহ অনেকে ক্যানসারে মারা যাওয়ার ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছেন। যাঁরা গ্রাম ছেড়েছেন, তাঁরা সবাই আর্সেনিকোসিসে আক্রান্ত বলে তিনি জানান।সাবিহা সুলতানা বলেন, চৌগাছার মাড়ুয়া, কয়ারপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামে এবং শার্শা উপজেলার সামটা, ট্যাংরা ও ঝিকরগাছা উপজেলার কয়েকটি গ্রামের টিউবওয়েলের পানিতে আর্সেনিকের মাত্রা সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি।এ ব্যাপারে সিভিল সার্জন সালাউদ্দীন খান প্রথম আলোকে বলেন, রাষ্ট্রীয়ভাবে আর্সেনিকোসিসে আক্রান্ত রোগী চিহ্নিত করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া আর্সেনিকপ্রবণ এলাকা হিসেবে শার্শা ও চৌগাছা উপজেলায় নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করছে বলে তিনি জানান।