আর্সেনিকোসিস রোগীর সঠিক পরিসংখ্যান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প সময়ে পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে আর্সেনিক নিয়ে বেশি সংখ্যক গবেষণা হয়েছে। এখনো এ দেশে আর্সেনিকোসিস রোগীর সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই। ইতিমধ্যে দেশে শনাক্ত করা রোগীর ১৭ শতাংশ মারা গেছেন।

আজ বৃহস্পতিবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত আর্সেনিকোসিস রোগীদের উন্নততর চিকিৎসাবিষয়ক পরামর্শ সভায় এই তথ্য দেওয়া হয়। এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এ পরামর্শ সভার আয়োজন করে।

সভায় আলোচকেরা বলেন, সরকারি-বেসরকারি গবেষকদের কাছে পানিতে আর্সেনিকের পরিমাণ ও আর্সেনিকোসিস রোগীদের সম্ভাব্য চিকিৎসা নিয়ে নানা তথ্য বিক্ষিপ্তভাবে আছে। আর্সেনিক সমস্যার সমাধানে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ২০০৪ সালের আর্সেনিক নীতিমালা অনুসরণ করে এখনই একটি ‘অ্যাকশন প্ল্যান’ হাতে নেওয়া জরুরি হয়ে পড়েছে।

সভায় সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফিরোজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জুয়েনা আজিজ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসির অ্যান্ড পাবলিক হেলথের সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মিল্টন।