আল-আমীনের ছাত্রত্ব বাতিল, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজে সহপাঠীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় আল-আমীনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে গতকাল সোমবার ছয় সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।গত সোমবার কলেজের বারান্দায় আল-আমীন তাঁর সহপাঠী এক ছাত্রীকে জাপটে ধরে কামড়ে মাংস ছিঁড়ে ফেলেন। পরে তাঁর অস্ত্রোপচার করা হয়। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আল-আমীন এই কাণ্ড ঘটায় বলে জানা গেছে। জানা গেছে, ওই ঘটনার পর থেকে আল-আমীন পলাতক। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গফুর বলেন, ‘ছাত্রীর স্বজনেরা রোববার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’আল-আমীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গত রোববার অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছিলেন মেডিকেল ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষ গতকাল তাঁর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেয়। কলেজ অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় কলেজের উপাধ্যক্ষ আমিন উদ্দিন আহমেদকে প্রধান করে কমিটি করা হয়েছে। আল-আমীনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে।’