আল-আরাফাত হত্যার প্রতিবাদে মানববন্ধন
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রামের আল-আরাফাত হত্যার প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন চলাকালে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ দৃষ্টন্তমূলক শাস্তির দাবি করা হয়।
গতকাল সকাল থেকে এলাকার লোকজন বিরুলিয়া সেতুর কাছে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে কয়েক শ নারী-পুরুষ বিরুলিয়া সড়কের পাশে মানববন্ধনে অংশ নেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা মানববন্ধন থেকে হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নিয়ে আল-আরাফাতের বাবা উম্মত আলী বলেন, হত্যার পাঁচ দিন পার হয়ে গেলেও পুলিশ সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দৃস্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
গত সোমবার সন্ধ্যায় মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে আল-আরাফাতকে হত্যার পর লাশ তুরাগ নদে ফেলে দেওয়া হয়। পরদিন সাভারের কাউন্দিয়া এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রকি নামের একজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আল-আরাফাত একজন ইউপি সদস্যের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে রকিকে মারধর করেন। ওই ঘটনার জের ধরে রকি পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছেন বলে আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেছেন।