
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিউল ইসলামকে আল-কায়েদার সদস্যরা হত্যা করেছে—সম্প্রতি এক ভিডিও বার্তায় এ দাবি করা হলেও মামলার তদন্তকারীরা বলছেন ভিন্ন কথা।
তদন্তকারী সংস্থা রাজশাহীর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, নারীঘটিত কারণে শফিউল খুন হয়েছেন, তদন্তে এমন তথ্যপ্রমাণ মিলেছে। এ ঘটনায় এক নারীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ১৫ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের চৌদ্দপাই এলাকায় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তখন পুলিশের কর্মকর্তারা বলেছিলেন, তাঁরা এ ঘটনায় জঙ্গিগোষ্ঠীকে সন্দেহের শীর্ষে রেখেছেন।
এর পাঁচ মাস পর গত রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ জানায়, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) আগের দিন শনিবার ইন্টারনেটে এক ভিডিও বার্তা ছেড়েছে। তাতে একিউআইএসের প্রধান অসীম উমর দাবি করেছেন, তাঁর সংগঠনের সদস্যরাই বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়, ব্লগার রাজীব, অধ্যাপক শফিউল ও পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে হত্যা করেছে।
এই ভিডিও বার্তার পর অধ্যাপক শফিউল হত্যা মামলাটি আবার আলোচনায় এসেছে। জানতে চাইলে মামলাটির তদন্ত কর্মকর্তা রাজশাহী ডিবির পরিদর্শক আসিকুর রহমান প্রথম আলোকে বলেন, মামলাটির বেশ অগ্রগতি হয়েছে। হত্যার মূল রহস্য উদ্ঘাটিত হয়েছে। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন কর্মকর্তা নাসরিন আক্তারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন অধ্যাপক শফিউল। এর জের ধরে তিনি খুন হন। এই খুনের ঘটনা ঘটাতে নাসরিন তাঁর স্বামীকে প্ররোচিত করেন বলে তিনি আদালতে জবানবন্দি দিয়ে স্বীকার করেছেন।
পুলিশ জানায়, অধ্যাপক শফিউল হত্যায় নাসরিন ও তাঁর স্বামীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গত ২২ নভেম্বর ছয়জনকে র্যা ব গ্রেপ্তার করে। তাঁরা হলেন নাসরিনের স্বামী যুবদলের নেতা আবদুস সামাদ, কাটাখালী পৌর যুবদলের নেতা আরিফুল ইসলাম, ইব্রাহিম খলিল ওরফে টোকাই বাবু, সিরাজুল ইসলাম, আল মামুন ও মো. সবুজ শেখ।
২৩ নভেম্বর এই ছয়জনকে ঢাকায় র্যা বের সদর দপ্তরে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। তখন সংবাদ সম্মেলনে র্যা বের কর্মকর্তারাও অধ্যাপক শফিউল হত্যার কারণ হিসেবে একই কথা বলেছিলেন। র্যা ব তখন বলেছিল, নাসরিনের স্বামী আবদুস সামাদ অন্যদের সহযোগিতায় এ হত্যার ঘটনা ঘটান।
অবশ্য র্যা বের ওই সংবাদ সম্মেলনের পরও রাজশাহীর পুলিশ দাবি করেছিল, এ ঘটনায় জঙ্গিগোষ্ঠীকেই তারা সন্দেহ করছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আসিকুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পর ফেসবুকে একটি পেজ খুলে ‘আনছার আল-ইসলাম বাংলাদেশ-২’ নামে একটি সংগঠন হত্যার দায় স্বীকার করেছিল। সে কারণে পুলিশ তখন জঙ্গিদের সন্দেহের তালিকায় শীর্ষে রেখে কাজ করেছিল। পরে তদন্তে জানা যায়, ফেসবুকে ওই দায় স্বীকারের বিষয়টি ছিল তদন্ত ভিন্ন খাতে নেওয়ার একটা অপচেষ্টা।
সর্বশেষ আল-কায়েদার নামে প্রচারিত ভিডিও বার্তায় দায় স্বীকার সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, মামলার তদন্ত এখনো শেষ হয়নি। এ বিষয়টিও খতিয়ে দেখার সুযোগ রয়েছে।