আল-কায়েদার আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠাই আনসারুল্লাহর লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নীতি-আদর্শ অনুসরণ করে শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেপ্তার হওয়া নয় সদস্য।

আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলনে এ কথা জানান যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। 

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম, আবু হানিফ, আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, আলী আজাদ, মো. পিয়াস, মো. জুন্নুন শিকদার, কাজী মো. রোজওয়ান ও নাইমুল ইসলাম। পুলিশ তাঁদের কাছ থেকে একটি চাকু, একটি হাতকড়া, দুটি কম্পিউটার, মডেম, ভিডিও ক্যামেরা, মোবাইল ফোনসেট, অস্ত্র-গ্রেনেড তৈরির নকশা ও আরবি-বাংলা ভাষায় লেখা বিভিন্ন জিহাদি বই ও সিডি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলা টিমের এই নয়জন স্বীকার করেছেন, সশস্ত্র জিহাদ করে আল-কায়েদার আদর্শে বাংলাদেশকে শরিয়া রাষ্ট্র বানানোর জন্য তাঁরা আনসারুল্লাহ বাংলা টিমের ‘ইমারা’ সদস্যপদ গ্রহণ করেছেন। ইমারা শীর্ষে রয়েছেন কিছুদিন আগে বরগুনায় গ্রেপ্তার হওয়া মুফতি জসিমউদ্দিন রাহমানি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গতকাল শনিবার জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম ও বাকী বিল্লাহর নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজধানীর মোহাম্মদপুর, বাড্ডা, জিগাতলা, এলিফেন্ট রোড ও সাভারে অভিযান চালিয়ে উগ্রপন্থী জঙ্গি সংগঠনটির নয়জন সদস্যকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, চারটি ধাপে তারা জঙ্গি কার্যক্রম চালিয়ে থাকে। এগুলো হলো দাওয়াহ বা দাওয়াতি কার্যক্রম চালিয়ে, ইদাদ বা সাহায্যকারী তৈরি করে দীর্ঘ প্রস্তুতি নিয়ে, রিবাত বা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এবং কতল বা হত্যা করে।

পাকিস্তানে পলাতক বাংলা টিমের অপারেশনের দায়িত্বে থাকা ইজাজ হোসেনের নির্দেশনায় সব জঙ্গি কার্যক্রম পরিচালিত হয় জানিয়ে মনিরুল ইসলাম বলেন, এই নয়জনের মধ্যে কাজী রেজওয়ান শরীফ জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার সময় ২০০৯ সালে ইয়েমেনে ধরা পড়েছিলেন। এ ছাড়া নাইমুল হাসান বাংলা টিমের অপারেশনের দায়িত্বে থাকা ইজাজ হোসেনের ভাই। গ্রেপ্তার হওয়া সবাই কম্পিউটার-প্রযুক্তির মাধ্যমে বাংলা টিমের কার্যক্রম ওয়েবসাইটে পাঠানোর কাজ করতেন। পাশাপাশি ব্লগার রাজীব হায়দায় হত্যার ঘটনার সঙ্গে তাঁরা যুক্ত ছিলেন বলে পুলিশ দাবি করেছে।

ডিবির কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলা টিমের এই সদস্যরা জানান, তাঁরা গ্রেনেড তৈরি ও অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন। এর প্রস্তুতি শেষ হলে যেসব সরকারি প্রতিষ্ঠানে অস্ত্র থাকে, সেখানে হামলার পরিকল্পনা ছিল তাঁদের। এসব কাজের জন্য দেশ-বিদেশ থেকে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে।

আরও জিজ্ঞাসাবাদের জন্য বাংলা টিমের এই নয়জনকে আজ আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। সন্ত্রাস দমন আইন ও তথ্যপ্রযুক্তি আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।