আল-কায়েদা সন্দেহে মক্কায় গ্রেপ্তার বাংলাদেশি কুলাউড়ার সফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলের স্থাপনায় হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে সৌদি আরবে গ্রেপ্তার হওয়া বাংলাদেশির নাম সফিক মিয়া (৪৫)। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি গ্রামে। তাঁর বড় ভাই আবদুল খালেক প্রথম আলোকে আল-কায়েদা সন্দেহে সফিকের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গত ২৪ মার্চ সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে সৌদি গ্যাজেটসহ বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমে বলা হয়, দেশটির তেল সরবরাহ স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই আল-কায়েদার সঙ্গে জড়িত।তবে সৌদি কর্তৃপক্ষ গ্রেপ্তার হওয়া জঙ্গিদের নাম প্রকাশ করেনি। শুধু বলা হয়েছে, তাদের মধ্যে ৪৭ জন সৌদি, ৫১ জন সোমালীয় এবং বাকি তিনজন বাংলাদেশ, ইরিত্রিয়া ও ইয়ামেনের নাগরিক। এ ব্যাপারে ঢাকায় যোগাযোগ করা হলে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া বাংলাদেশী নাগরিক সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাঁর নাম-পরিচয় পাওয়া গেলে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।সফিকের বড় ভাই আবদুল খালেক প্রথম আলোকে বলেন, গত ২৫ মার্চ সকালে সৌদি প্রবাসী তাঁর আরেক ভাই জসিমউদ্দিন তাঁকে টেলিফোনে সফিকের গ্রেপ্তার হওয়ার খবর জানান। জসিম জানান, আল-কায়েদার সদস্য সন্দেহে সফিককে ২৪ মার্চ স্থানীয় সময় রাত আটটার দিকে সৌদি পুলিশ মক্কা নগরের একটি দোকান থেকে গ্রেপ্তার করেছে।গত শনিবার কুলাউড়ার কেওলাকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, টিনশেডের একটি আধাপাকা ঘরে সফিকের পরিবারের লোকজন বসবাস করে। পরিবারের সদস্যরা জানান, সৌদি আরবে যাওয়ার আগে সফিক এলাকায় একটি বেসরকারি সংস্থার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ২০০৫ সালের ডিসেম্বরে তিনি দোকান-কর্মচারী হিসেবে চাকরির ভিসা নিয়ে সৌদি যান।সফিকের স্ত্রীসহ পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। তাঁর বড় মেয়ে সুমনা (১৮) বলেন, সফিক প্রতি মাসে বাড়িতে সামান্য কিছু টাকা পাঠাতেন। ওই টাকা দিয়ে তাঁদের সংসার চলত। স্থানীয় হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মবশ্বির আলী প্রথম আলোকে বলেন, ‘সফিক দেশে থাকতে বাউণ্ডুলে প্রকৃতির ছিল।’