আল-কায়েদার ভিডিও বার্তা আন্তর্জাতিক ষড়যন্ত্র: ওয়ার্কার্স পার্টি
‘নতুন সরকার যখন দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রকে এগিয়ে নিচ্ছে, সন্ত্রাসী-জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই ভিডিও প্রকাশ ও ধর্মের নামে উসকানি দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ।’ আল-কায়েদার ভিডিও বার্তা সম্পর্কে আজ রোববার এক বিবৃতিতে এ কথা বলেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।
পলিটব্যুরো মনে করে, সরকারের পক্ষ থেকে অতি দ্রুত এই ষড়যন্ত্রের উত্স খুঁজে বের করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতসহ ওই অপশক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
বিবৃতিতে বলা হয়, ওয়ার্কার্স পার্টি ২০০৪ সাল থেকে অভিযোগ করে আসছে, বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির অপতত্পরতা শুরু হয়েছে, যা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত। এ গোষ্ঠীকে লালন পালন করছে বিগত দিনের জামায়াত-বিএনপি জোট সরকার। সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির আসল লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে হটিয়ে বাংলাদেশকে ধর্মভিত্তিক চরম সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আরও বলা হয়, আল-কায়েদার কথিত ভিডিও বার্তার শুরুতে ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশের ওপর হামলার স্থিরচিত্র দেখানো হয়। আল-কায়েদার নেতা আল-জাওয়াহিরি তাঁর বক্তব্যে সরাসরি হেফাজতে ইসলাম বা জামায়াতে ইসলামের নাম উচ্চারণ করেননি। তবে বার্তাটির শুরুতে হেফাজতের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের স্থিরচিত্র দেখানো হয়। একই সঙ্গে বক্তৃতার একটি অংশে মানবতাবিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনাল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আল-কায়েদার নেতা বাংলাদেশকে একটি জেলখানা অভিহিত করে বাংলাদেশ সরকারকে ইসলামবিরোধী হিসেবে চিহ্নিত করেছেন। এতেই প্রমাণিত হয়, আল-কায়েদা সমর্থনপুষ্ট আন্তর্জাতিক জঙ্গিবাদী শক্তি জামায়াত, হেফাজত ও বিএনপি এক হয়ে আজ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে।