আল-কায়েদার সঙ্গে সম্পর্কের খবর অস্বীকার জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পর্ক নেই বলে দাবি করেছে জামায়াত। এ ছাড়াও যেকোনো ধরনের জঙ্গিবাদকে দলটি ঘৃণা করে বলেও আজ রোববার এক বিবৃতিতে দাবি করা হয়েছে।

বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন ও গণমাধ্যমে আল-কায়েদার ‘কথিত’ ভিডিও-সংক্রান্ত যে সব বার্তা প্রচারিত হচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। বিবৃতিতে বলা হয়েছে, ‘আল-কায়েদার বর্তমান প্রধান আয়মান আল-জাওয়াহিরির ভিডিও বার্তায় বাংলাদেশের মুসলমানদের প্রতি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে মর্মে যে বার্তা প্রচারিত হচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম ও দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে একটি নতুন ষড়যন্ত্র কি না, তা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন, উত্কণ্ঠিত। বাংলাদেশ যেকোনো ধরনের উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত।’

বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘বাংলাদেশের আলেম সমাজ ও “মূলধারার” ইসলামী দলগুলোর সঙ্গে আল-কায়েদার কোনো সম্পর্ক আছে বলে  আমাদের জানা নেই। দু-একটি সংবাদমাধ্যমে আল-কায়েদার সঙ্গে জামায়াতের সম্পর্ক-সংক্রান্ত যেসব আজব তথ্য পরিবেশন করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আল-কায়েদার সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। উপরন্তু আমরা যেকোনো ধরনের জঙ্গিবাদকে আন্তরিকভাবে ঘৃণা করি।’

সন্ত্রাস, জঙ্গিবাদ ও অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে বিবৃতিতে বলা হয়েছে, ‘জামায়াত সংবিধানসম্মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে দলীয় রাজনৈতিক আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। জামায়াতের রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড দৃশ্যমান। যারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চান, মূলত তারাই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কথা বলে বাংলাদেশে ইসলামপন্থীদের ওপর জুলুম এবং নির্যাতন-নিপীড়নের নানা বাহানা তালাশ করেন। মূলত বাংলাদেশকে বিশ্ব সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই আল-কায়েদার কথিত বার্তার অবতারণা করে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে একটি নতুন ষড়যন্ত্রের ছক অঙ্কন করা হয়েছে বলে আমাদের আশঙ্কা।’