আল গোরের সঙ্গে হাছান মাহমুদের অ্যান্টার্কটিকা রওনা
যুক্তরাষ্ট্রের নোবেল বিজয়ী সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের আমন্ত্রণে অ্যান্টার্কটিকা সফরের লক্ষ্যে গতকাল বুধবার আর্জেন্টিনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। বর্তমানে আল গোর জলবায়ু পরিবর্তন ইস্যুতে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করা বিশ্বের অন্যতম সংস্থা ‘দ্য ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্ট’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বিশ্বব্যাপী জলবায়ু ইস্যুতে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছেন সারা বিশ্বের এ রকম বিজ্ঞানী, রাষ্ট্র পরিচালনায় নীতিনির্ধারক, দাতা ও চিন্তাশীল ১০৭ জন ব্যক্তি এ সফরে আল গোরের সঙ্গে যাচ্ছেন। গত বছরের ৭ অক্টোবর হাছান মাহমুদকে লেখা আমন্ত্রণপত্রে আল গোর জানিয়েছেন, দক্ষিণ মেরুর বরফ গলে যাওয়ার আশঙ্কার কারণে বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর এর প্রভাব সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি এ সফরের আয়োজন করেছেন। ২৯ জানুয়ারি আর্জেন্টিনার বুয়েন্স এইরেস থেকে এ যাত্রা শুরু হবে এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এ সফরের শিরোনাম দেওয়া হয়েছে ডেস্টিনেশন রিয়েলিটি-২০১২। জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্যানেল জানিয়েছে, গ্রিন হাউস গ্যাস নির্গমনের কারণে ২১০০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা ১.৮ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে দেশগুলো যদি এখনই কার্বন নির্গমন না কমায় তাহলে এই হার আরও বেশি হবে বলেও আশঙ্কা করেছে জাতিসংঘ।