আল-নাহিয়ান ট্রাস্ট্রে নির্বাহী পরিচালক নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্টে দ্রুত নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতের তৎকালীন প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান বাংলাদেশ সফর করেছিলেন। ওই বছর তাঁর আগ্রহে এতিম শিশুদের কল্যাণে আল-নাহিয়ান ট্রাস্ট গঠন করা হয়। শুরুতে ওই ট্রাস্টের জন্য আরব আমিরাত ৫০ হাজার মার্কিন ডলার দিয়েছিল।

এখন ট্রাস্টের অধীনে আয়ের উৎস বনানীর আবাসিক ফ্ল্যাট ও শপিং কমপ্লেক্স। তবে দীর্ঘদিন এই ট্রাস্টের আয়-ব্যয়ের নিরীক্ষা হয়নি। ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন কে বি এম ওমর ফারুক চৌধুরী। অবসরে যাওয়ার পরও তিনি মৌখিকভাবে আদেশে গত ৩ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে তাঁর নিয়োগ বাতিল করা হয়। এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব সাময়িক দায়িত্ব পালন করছেন।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, এই ট্রাস্টে দীর্ঘদিন নির্বাহী পরিচালক ছিলেন না। এখানে অনেক কাজ হয়েছে, যেগুলো একটু ‘ফিশি’। সংসদীয় কমিটি দ্রুত একজন নির্বাহী পরিচালক নিয়োগ দিতে বলেছে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্টের গত ১০ বছরের অডিট রিপোর্ট কমিটির সভায় উপস্থাপন এবং অডিট রিপোর্টে কোনো আপত্তি পাওয়া না গেলে নতুন করে সরকারি বা উপযুক্ত অডিট ফার্মকে দিয়ে পূর্ণাঙ্গ অডিট করার সুপারিশ করা হয়।

এ ছাড়া বনানীতে ট্রাস্টের ইউএই মৈত্রী কমপ্লেক্সের জায়গায় সরকারিভাবে বহুতল ভবন নির্মাণ বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুফতা ইয়াসমিন, আরমা দত্ত ও শবনম জাহান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান।