আলজেরিয়া ও ব্রুনাইতে নতুন রাষ্ট্রদূত
ব্রুনাইতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হাইকে সরকার আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে বদলি করেছে। আর ব্রুনাইতে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার দুটি আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পেশাদার কূটনীতিক মোহাম্মদ আবদুল হাই মস্কো, দুবাই, মানামা ও ব্যাংককের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রিধারী মোহাম্মদ আবদুল হাই ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই ছেলের বাবা।
ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন ১৯৭৯ সালে বিমানবাহিনীতে যোগ দেন। তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন বাংলাদেশ বিমানবাহিনীতে ডেপুটি ডিরেক্টর (ট্রেনিং), ডেপুটি এয়ার সেক্রেটারি ও ডিরেক্টর রিক্রুটমেন্ট হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি সাবেক যুগোশ্লাভিয়া ও কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন দুই মেয়ের বাবা।