আলজেরিয়া ও ব্রুনাইয়ে নতুন রাষ্ট্রদূত
ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হাইকে আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে বদলি করেছে সরকার। আর ব্রুনাইয়ে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার দুটি আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পেশাদার কূটনীতিক মোহাম্মদ আবদুল হাই মস্কো, দুবাই, মানামা ও ব্যাংককের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রিধারী মোহাম্মদ আবদুল হাই বিবাহিত ও দুই ছেলের বাবা।
ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন ১৯৭৯ সালে বিমানবাহিনীতে যোগ দেন। তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন বাংলাদেশ বিমানবাহিনীতে ডেপুটি ডিরেক্টর (ট্রেনিং), ডেপুটি এয়ার সেক্রেটারি ও ডিরেক্টর রিক্রুটমেন্ট হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি সাবেক যুগোস্লাভিয়া ও কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন।
এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন বিবাহিত ও দুই মেয়ের বাবা।