আলট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্র বাক্সবন্দী দীর্ঘদিন
নীলফামারী সদর আধুনিক হাসপাতালে সরবরাহ করা জেনারেটর, আলট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্র বেশ কয়েক বছর ধরে বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। লোকবলসংকটসহ নানা সমস্যায় এগুলো কাজে আসছে না। যন্ত্রগুলো চালু না হওয়ায় রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে।হাসপাতালের ভান্ডাররক্ষক এ কে এম মাহবুবুজ্জামান জানান, ২০০৭ সালের ১১ ডিসেম্বর ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) ৬০ কেভি ক্ষমতার জেনারেটর এ হাসপাতালে সরবরাহ করে। স্থাপন না করায় সরবরাহের পর থেকে সেটি হাসপাতালের বারান্দায় বা বন্দী অবস্থায় পড়ে আছে। এ ছাড়া এখানে ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি একটি আলট্রাসনোগ্রাম এবং ২০০৯ সালের ৩ আগস্ট দুটি ইসিজি যন্ত্র সরবরাহ করা হয়। এগুলো সরবরাহের পর থেকে ভান্ডারে রক্ষিত আছে।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘সরবরাহকারী প্রতিষ্ঠানের এগুলো স্থাপন করার কথা। কিন্তু আমরা কয়েক দফা তাদের চিঠি দিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। হাসপাতালের বাইরে আলাদা একটি কক্ষ তৈরি করে এগুলো সেখানে স্থাপন করতে হবে। এটা অনেক বেশি ব্যয়বহুল। এ ছাড়া জেনারেটরের তেলের খরচও তুলনামূলক বেশি।’ তিনি আরও বলেন, আলট্রাসনোগ্রাম যন্ত্র চালানোর চিকিৎসক হাসপাতালে নেই। আর ইসিজি যন্ত্র চালানোর জন্য যে টেকনিশিয়ান প্রয়োজন, তা-ও নেই। এ কারণে সেগুলো চালু করা যাচ্ছে না।ফজলুল হক জানান, জেনারেটর স্থাপন এবং আলট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন চালুর বিষয়ে তিনি সিভিল সার্জনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।সিভিল সার্জন আবদুর রশীদ জানান, তিনি জেনারেটর স্থাপন এবং আলট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন চালু না হওয়ার বিষয়টি সাংসদ আসাদুজ্জামান নূরকে জানিয়েছেন। এ ব্যাপারে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছেন।