আলট্রাসনোগ্রাম যন্ত্র নষ্ট ভোগান্তিতে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট শহরতলীর বিষ্ণু চন্দ্র মণ্ডল গর্ভবতী স্ত্রী ঝর্না রানীকে নিয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসকের কাছে এসেছেন। চিকিৎসকেরা ঝর্না রানীকে আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দিয়েছেন। বিষ্ণু চন্দ্র মণ্ডল হাসপাতালের কাউন্টারে টাকা জমা দিতে গিয়ে জানতে পারেন, হাসপাতালের আলট্রাসনোগ্রাম যন্ত্রটি দীর্ঘদিন ধরে নষ্ট পড়ে আছে। তাই বাইরের কোনো ক্লিনিক থেকে এটা করার পরামর্শ দেওয়া হয় কাউন্টার থেকে।আর্থিক অবস্থা খুব ভালো না বিষ্ণুর। বাড়ি থেকে মাত্র ২০০ টাকা এনেছিলেন তিনি। বাইরে আলট্রাসনোগ্রাম করতে প্রায় ৫০০ টাকার প্রয়োজন। বাধ্য হয়ে তিনি তাঁর শ্যালক সুজনকে বাকি টাকা সংগ্রহ করার জন্য বাড়ি পাঠিয়েছেন। টাকা সংগ্রহ হলেই কেবল স্ত্রীর আলট্রাসনোগ্রাম করা সম্ভব হবে। বিষ্ণু চন্দ্র মণ্ডল গতকাল রোববার হাসপাতাল চত্বরে অভিযোগ করেন, নামেই আধুনিক জেলা হাসপাতাল। এখানে গরিবের জন্য চিকিৎসা নেই।গতকাল জয়পুরহাট আধুনিক হাসপাতালে গিয়ে কথা হয় দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন শামছুন নাহারের (৩২) সঙ্গে। তাঁর স্বামী পাঁচবিবি উপজেলার উচাই গ্রামের ভ্যানচালক মজনু মিয়া। জরায়ুতে সমস্যা হওয়ায় তাঁকে অস্ত্রোপচার করতে হয়েছে। এর আগে আলট্রাসনোগ্রাম করতে হয়েছে ৪০০ টাকা খরচ করে শহরের একটি বেসরকারি ক্লিনিকে। সেই টাকাসহ ধার-দেনা করে ওষুধ কিনতে হয়েছে অনেক কষ্টে। হাসপাতালে আলট্রাসনোগ্রাম করতে পারলে এত টাকা খরচ হতো না বলে জানান শামছুন নাহার। নিলুফা ইয়াসমিনকে নিয়ে এসেছেন নওগাঁর পাহাড়পুর থেকে তাঁর স্বামী তুহিন ইসলাম। গর্ভবতী স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করতে তাঁর ৫০০ টাকা খরচ হয়েছে। তুহিন ইসলাম জানান, তাঁর মতো ভূমিহীনের পক্ষে বেসরকারি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করা খুবই কষ্টসাধ্য। একই অভিযোগ নওগাঁর ধামইরহাটের রোগী রওশন আরা বেওয়ার।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৭ ডিসেম্বর থেকে ওই হাসপাতালের আলট্রাসনোগ্রাম মেশিনটি অকেজো পড়ে রয়েছে। চিকিৎসা নিতে এসে এ কারণে প্রতিদিন ২০-২৫ জন রোগী শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে আলট্রাসনোগ্রাম করাতে বাধ্য হচ্ছে। হাসপাতালের কাউন্টার সূত্র জানায়, রোগীর পেটের অর্ধেক অংশ আলট্রাসনোগ্রাম করলে সরকারিভাবে ফি ১১০ টাকা এবং পেটের ভেতরের সম্পূর্ণ অংশ করলে ফি ২২০ টাকা। অন্যদিকে, বেসরকারি ক্লিনিকে পেটের অর্ধেক অংশে আলট্রাসনোগ্রাম করার ফি ৩৫০-৪০০ টাকা এবং পেটের সম্পূর্ণ অংশের ফি ৪৫০-৫০০ টাকা পর্যন্ত। হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ মফিউর রহমান জানান, হাসপাতালের আলট্রাসনোগ্রাম মেশিনটি অচল থাকায় রোগীরা বাধ্য হয়ে বাইরে থেকে আলট্রাসনোগ্রাম করছে। জয়পুরহাট হাসপাতালে প্রতিদিন অনেক রোগী অপারেশনের জন্য ভর্তি হয়। তাদের আলট্রাসনোগ্রাম করার প্রয়োজন হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক মোকছেদ আলী জানান, দুই মাস আগে ও আজ (১৮ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর মেশিনটি সচল করার জন্য আবেদন জানানো হয়েছে।