আলতাফ আলী হাসুর স্মরণসভা ও স্মৃতিপদক
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, বিএনপি গর্ব করে, তাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক। অথচ সেই দলটিই এখন জামায়াত-শিবিরকে আশ্রয় করে স্বাধীনতার পক্ষের সরকারকে মোকাবিলা করতে চাইছে।
গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ঋষিজ শিল্পীগোষ্ঠী আয়োজিত ছড়াকার ও মুক্তিযোদ্ধা আলতাফ আলী হাসুর স্মরণসভা ও স্মৃতিপদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আলতাফ আলী হাসুর স্মরণে এবার সাংবাদিকতায় অবদানের জন্য স্মৃতিপদকটি পেয়েছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুমের হাতে ক্রেস্ট, সনদ এবং ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। আব্দুল কাইয়ুম স্মৃতিপদকের টাকা প্রথম আলো ট্রাস্ট তহবিলে জমা দিয়ে তা সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবেন বলে জানান।
আলতাফ আলী ছিলেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে তাঁর স্ত্রী মিনারা বেগম আলতাফ আলীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও গোলাম কুদ্দুছ।