ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলতাফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে কুদ্দুস আফ্রাদ বিজয়ী হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোট ভোট পড়ে এক হাজার ৬১২টি। এর মধ্যে আলতাফ মাহমুদ এক হাজার ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পান ৫৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হন কুদ্দুস আফ্রাদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাবান মাহমুদ পান ৭৪৬ ভোট।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান চৌধুরী। এ ছাড়া এই প্যানেলে আরও যাঁরা বিজয়ী হয়েছেন তাঁরা হলেন: যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহানা শিউলি, জনকল্যাণবিষয়ক সম্পাদক মেহেদী হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সলিম উল্লাহ। রাতে নির্বাচন কমিশনার হাসান শাহরিয়ার এ ফলাফল ঘোষণা করেন।