বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সদ্যপ্রয়াত সভাপতি আলতাফ মাহমুদ সমাজ ও ইতিহাসসচেতন, বস্তুনিষ্ঠতা এবং নির্ভীকতার প্রতীক ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার কক্ষে পিআইবি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যৌথ আয়োজনে আলতাফ মাহমুদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
তথ্যমন্ত্রী বলেন, পেশাগত কাজে ও সাংবাদিকদের কল্যাণে আলতাফ মাহমুদ আজীবন যে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তা অনুসরণীয়। স্বৈরতন্ত্রের জঞ্জাল থেকে গণতন্ত্রে উত্তরণের পর্যায়ে তিনি গণতন্ত্রের প্রহরী হিসেবে কাজ করেছেন।
পিআইবির পরিচালনা পর্ষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব মরতুজা আহমদ ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ।
গোলাম সারওয়ার আলতাফ মাহমুদকে মরণোত্তর একুশে পদকের জন্য বিবেচনার প্রস্তাব করেন।
অনুষ্ঠানে আলতাফ মাহমুদের স্ত্রী তাহমিনা মাহমুদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খান, প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, বিএফইউজে একাংশের মহাসচিব ওমর ফারুক প্রমুখ স্মৃতিচারণা করেন।
আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জানুয়ারি মারা যান। তিনি পিআইবি পরিচালনা পর্ষদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সেন্সর বোর্ডের সদস্য ছিলেন।