আলতাফ মাহমুদকে নিয়ে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ বহু গানের সুরকার ও গীতিকার আলতাফ মাহমুদের জন্মদিন ছিল গতকাল। স্মৃতিচারণা করতে করতে সুরকারের গান গেয়ে শুনিয়েছেন অভিনেত্রী শিমুল ইউসুফ। ১৯৬৯ সালে দুর্ভিক্ষপীড়িতদের জন্য সাহায্য সংগ্রহের সময় বিক্ষুব্ধ শিল্পীসমাজের সঙ্গে আলতাফ মাহমুদের সঙ্গে তিনিও ছিলেন।
গতকাল বুধবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণের মঞ্চে স্মৃতিচারণার পাশাপাশি সুরকার আলতাফ মাহমুদের বেশ কয়েকটি গান গেয়ে শোনান শিমুল ইউসুফ। শহীদ আলতাফ মাহমুদের জন্মজয়ন্তীতে তাঁকে নিয়ে দিনু বিল্লাহর লেখা সুরের বরপুত্র বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘এই মানুষদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জুগিয়েছে। তবে তিনি আমাদের সঙ্গে থাকলে তাঁকে দেখিয়ে বলতে পারতাম যে এই মানুষদের জন্যই যুদ্ধে যাওয়ার সাহস পেয়েছি।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হায়াৎ মামুদ, নাসির উদ্দীন ইউসুফ, বইটির লেখক দিনু বিল্লাহ এবং অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক।
আলোচনা পর্ব শেষে গেরিলা একাত্তর ডটঅর্গ নামে একটি পোর্টাল উদ্বোধন করেন আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ, কন্যা শাওন মাহমুদ ও অতিথিরা।

জাহানারা ইমামের যুদ্ধস্মৃতির তথ্যচিত্র
শহীদজননী জাহানারা ইমামের জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র মধুর আমার মায়ের হাসি। গতকাল সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রদর্শিত হয়েছে তথ্যচিত্রটি। তথ্যচিত্র প্রদর্শনীর আগে নির্মাতা সেন্টু রায় ও তাঁর কাজ নিয়ে কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রদর্শনী শেষে জাহানারা ইমাম, রুমি ও গণ-আদালত নিয়ে ছিল উন্মুক্ত আলোচনা। নির্মাতা সেন্টু রায় বলেন, যুদ্ধের বিভীষিকা আর একজন যোদ্ধা মায়ের যুদ্ধ-পরবর্তী সংগ্রাম তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতেই তিনি এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন।

আজ নতুনধারার সাহিত্য আড্ডা
সাহিত্য-শিল্প-সংস্কৃতির মাসিক কাগজ নতুনধারার উদ্যোগে আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি হবে পশ্চিম পান্থপথে নতুনধারা কার্যালয়ে। এবারের আড্ডায় থাকছে খ্যাতিমান কবিদের কবিতা পাঠ। কবিতা পড়বেন কবি নির্মলেন্দু গুকণ, রুবি রহমান, মুহম্মদ নুরুল হুসদা, জাহিদ হায়দার, কামাল চৌধুরী, ফরিদ কবির, চঞ্চল আশরাফ, আয়শা ঝর্ণা ও সোহেল হাসান গালিব।