আলতাফনগর রেলস্টেশন নানা সমস্যায় জর্জরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার আলতাফনগর রেলস্টেশন চলছে লোকবলের সংকট। এর প্ল্যাটফর্ম আর যাত্রীদের বসার পাকা চেয়ার নোংরা। অপরিষ্কার ও দম বন্ধ করা দুর্গন্ধে ভরা শৌচাগারে নেই পানি। নারী যাত্রীদের অপেক্ষমাণ কক্ষে আবর্জনার স্তূপ।
নানা সমস্যায় জর্জরিত এই স্টেশনে প্রতিদিন ট্রেন যায় আর আসে। শত শত যাত্রী গন্তব্যে আসা-যাওয়া করেন এ স্টেশন দিয়ে।
খিহালী গ্রামের মঞ্জুর রশিদ ও দেবড়াশন গ্রামের দেলোয়ার বলেন, প্রতিদিন এলাকার কয়েক শ যাত্রী ট্রেনে বিভিন্ন গন্তব্যে আসা-যাওয়া করেন। কিন্তু প্ল্যাটফর্ম এত নোংরা যে বসা যায় না। দুর্গন্ধে নাড়িভুঁড়ি উল্টে আসে। যাত্রীদের এই ভোগান্তি কবে কমবে কেউ জানেন না। তাঁরা আরও বলেন, সন্ধ্যার পর স্টেশনে বাতি পর্যন্ত জ্বালানোর লোক নেই। প্ল্যাটফর্মটি তখন শ্মশানের মতো পড়ে থাকে।
উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আলতাফনগর স্টেশন। এর পূর্বদিকে প্ল্যাটফর্ম থেকে প্রায় ২০০ গজ দূরে পাকা সড়ক, রেলক্রসিং। এই ক্রসিং পার হয়ে বগুড়া ও নওগাঁ থেকে যাত্রীবাহী বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা ধরনের যানবাহন চলাচল করে। রেলক্রসিংয়ের গেটবার নষ্ট। তাই ঝুঁকি নিয়ে যান চলাচল করে।
রেলক্রসিং এলাকার পানের দোকানি আবদুস সবুর বলেন, ‘গত বছরের শুরুর দিকে একটি যাত্রীবাহী বাস রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সামান্য ধাক্কা লাগে। ওই দুর্ঘটনার পর কিছুদিন বাঁশ দিয়ে গেটবারের কাজ চালানো হয়। এখন তাও নেই।’
স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিন ছয়টি ট্রেন ১২ বার বগুড়ার সান্তাহার থেকে লালমনিরহাট যাওয়া-আসা করে। এই স্টেশনে ১০ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে আছেন মাত্র চারজন। স্টেশন মাস্টার তিনজন থাকার কথা। আছেন শুধু তিনি। পোর্টারম্যান চারজনের স্থলে দুজন, পয়েন্টসম্যান চারজনের স্থলে একজন, সুইপার পদে কেউ নেই। তিনি আরও বলেন, কম লোকবলের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার জানানো হয়েছে। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের ট্রাফিক ইন্সপেক্টর আবদুস সোবহান বলেন, ‘এ ব্যাপারে আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন করে লোক নিয়োগ না হওয়া পর্যন্ত ওই স্টেশনের সমস্যা মিটবে না।’