আলতাফের গাড়িবহরে হামলা, নড়িয়ায় আ.লীগ প্রার্থী কোণঠাসা
বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা নির্বাচনী প্রচার চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী গতকাল মঙ্গলবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনী প্রচার চালাতে গেলে যুবলীগ ও ছাত্রলীগের লোকজন তাঁর গাড়িবহরে হামলা চালান। এতে তাঁর স্ত্রীসহ আটজন আহত হন।
কুমিল্লার চান্দিনায় প্রচার চালাতে গিয়ে বাধার মুখে পড়েন বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক জয়নুল আবদিন। জামালপুরে বিএনপির প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনে গিয়ে এসব অভিযোগও জানিয়ে এসেছে।
এ নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাদের এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। কেউ ব্যবস্থা না নিলে আমরা দেখব। একই সঙ্গে পুলিশ সুপার, জেলা প্রশাসকদেরও বিষয়গুলো দেখা উচিত।’
কলাপাড়ায় তাঁর ওপর হামলার জন্য আলতাফ হোসেন চৌধুরী সরকারদলীয় নেতা-কর্মীদের দায়ী করেন। তিনি বলেন, ‘যেভাবে আমাদের ওপর হামলা চালানো হলো, তাতে মনে হয়েছে পৌর নির্বাচন হবে শুধুই প্রহসনমূলক।’
তবে কলাপাড়ার আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার বলেছেন, ‘পটুয়াখালীতে বিএনপির কোন্দলের কারণে এই হামলা। এ ঘটনার সঙ্গে আমার কোনো সমর্থক জড়িত নয়।’
কুমিল্লার চান্দিনায় বাধার মুখে পড়ে কুমিল্লায় চলে আসেন জয়নুল আবদিন। বিকেল চারটায় কুমিল্লার কান্দিরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচন করার মতো পরিবেশ দেখতে পাচ্ছি না। উপজেলা পর্যায়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। ককটেলের বিস্ফোরণ ঘটানো হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন এগুলো দেখছে না।’
জামালপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী অভিযোগ করেছেন, শহরের হরিজনপল্লি মোড়ে প্রচারের সময় প্রতিপক্ষের সমর্থকেরা প্রায় ১৫টি মোটরসাইকেলে করে এসে তাঁর কর্মীদের ওপর হামলা চালান। এতে সদর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান ও বিএনপির কর্মী আনোয়ার হোসেন আহত হন।
শরীয়তপুরের নড়িয়া পৌরসভা নির্বাচনে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হায়দার আলী। তাঁর দাবি, ‘এখানকার স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলামকে সমর্থন দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাঁরা সবাই মিলে আমাকে কোণঠাসা করে রেখেছেন। আমার কর্মীরা প্রচার চালাতে পারছে না।’ তবে স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলামের উল্টো অভিযোগ, হায়দার আলীর সমর্থকেরা সোমবার রাতে তাঁর একটি প্রচার ক্যাম্প ভাঙচুর ও তিনজনকে আহত করেছেন।
রাজশাহীর তানোর ও মুণ্ডুমালা—দুটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। তবে সোমবার দুপুরে এই নির্বাচনী এলাকার বাইরে রাজশাহীর তানোরের কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এলাকার শিক্ষকদের নিয়ে আয়োজিত সভায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যেখানে নৌকা পাস করবে, সেখানে উন্নয়ন হবে। যেখানে করবে না, সেখানে উন্নয়ন হবে না।
সাংসদ হিসেবে শিক্ষকদের কাছে সভায় ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি নির্বাচনী এলাকায় কোনো জনসভা করেননি। নির্বাচনী এলাকার বাইরে একটা প্রতিষ্ঠানে শিক্ষকদের সভায় তিনি তাঁদের এলাকার উন্নয়নের স্বার্থে বিনীতভাবে সরকারের পক্ষে থাকার জন্য অনুরোধ করেছেন। এলাকার সাংসদ হিসেবে এটা তিনি করতেই পারেন। এটাতে তো আচরণবিধি লঙ্ঘনের কিছু নেই।
নাটোর পৌরসভার আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী উমা চৌধুরী গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির মেয়র পদপ্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের বিরুদ্ধে মসজিদে মসজিদে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ করেছেন।