আলতাফের পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান
আফগানিস্তানে দুষ্কৃতকারীর হাতে নিহত পাবনার বেড়া উপজেলার কাজী আলতাফ হোসেনের স্ত্রী-সন্তানকে গতকাল মঙ্গলবার পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।এই টাকা আলতাফের দেড় মাস বয়সী মেয়ের নামে স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকের পাবনা শাখায় জমা রাখা হয়েছে। মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আলতাফের স্ত্রী বিউটি খাতুন তিন মাস পর পর এই টাকার সুদ তুলতে পারবেন।গতকাল দুপুরে ডাচ্-বাংলা ব্যাংক পাবনা শাখার কয়েকজন কর্মকর্তা আলতাফের শ্বশুরবাড়ি বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের বড়নওগাঁ গ্রামে গিয়ে তাঁর স্ত্রীর হাতে ফিক্সড ডিপোজিটের কাগজপত্র তুলে দেন। এ সময় রূপপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। রূপপুর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান খান বলেন, ‘আলতাফের অসহায় স্ত্রী-কন্যার ভরণপোষণে এই অনুদান বড় সহায়ক হিসেবে কাজ করবে।’ডাচ্-ব্যাংলা ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ‘সমাজসেবামূলক কর্মসূচির আওতায় আমরা এই সহায়তার ব্যবস্থা করেছি। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে আমাদের খুব ভালো লাগছে।’