আলতু বাহিনীর উৎপাতে ভোলার জেলেরা অতিষ্ঠ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ত্রাস আলতু বাহিনীর নির্যাতনে ভোলার জেলেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ভোলার চর সীতারামের মৎস্য আড়তদার বাবুল, রামদাসপুর মাছঘাটের আড়তদার কামাল চৌধুরী, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহিরুল ইসলাম, জেলে আবদুর রহিম মাঝি, জসিম মাঝি, সলেমান মাঝিসহ কয়েকজন জানান, ভোলার রাজাপুরের প্রায় দুই-তিন হাজার জেলে ভোলার উত্তর মেঘনা জলসীমায় মাছ ধরেন। কিন্তু আলতু সরদার ও তাঁর বাহিনী প্রতিদিন এই জেলেদের মারধর করছে ও নানা ভয়ভীতি দেখাচ্ছে। জেলেদের ধরে নিয়ে টাকাপয়সা আদায় করছে। গত এক মাসে প্রায় ৩০ জনকে মারধর করায় জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে আলতু সরদার তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, তিনি একজন মৎস্য ব্যবসায়ী। এক আড়ত থেকে অন্য আড়তে স্পিডবোট নিয়ে চলাফেরা করেন। জেলেরা তাঁর আড়তে মাছ বিক্রি করে যথানিয়মে কমিশন দেন, বেশি কমিশন দেন না। শত্রুরা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ‘আলতু সরদার আওয়ামী লীগের সমর্থক। তিনি মেঘনায় ত্রাস সৃষ্টি করছেন, এ ধরনের তথ্য আমার জানা নেই।’ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সীতারাম গ্রামের নির্যাতিত জেলে ঝিলন মাঝির (২৬) অভিযোগ, ২২ আগস্ট সন্ধ্যার দিকে তিনি মেঘনায় ভোলার জলসীমায় মাছ ধরতে গেলে আলতু সরদার ও তাঁর বাহিনী হামলা চালিয়ে তাঁকেসহ ১০-১২ জন জেলেকে মারধর এবং মেহেন্দিগঞ্জের জেলেদের জালের পাশে জাল ফেলতে নিষেধ করে। একই ধরনের অভিযোগ করেন আরেক জেলে মোস্তফা ফরাজী। চর সীতারাম মাছঘাটের আড়তদার বেলাল ফরাজী বলেন, ‘আমার নৌকার মাঝি মোস্তফাকে আলতু সরদার বাহিনীর লোকজন ধরে নিয়ে গেলে টাকাপয়সা দিয়ে ছাড়িয়ে আনা হয়।’জেলেরা আরও জানান, মেহেন্দিগঞ্জের সব জেলে নৌকায় আলতু বাহিনীর পতাকা টাঙানো। আলতু বাহিনীর নির্দেশ, পতাকা টাঙানো নৌকার আশপাশে অন্য জেলেরা জাল ফেলতে পারবে না। উত্তর মেঘনায় শুধু মেহেন্দিগঞ্জের জেলেরা মাছ শিকার করবে।মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ দোনের জেলে আবদুল বারেক মাঝি ও জুলহাস মাঝি; গোবিন্দপুরের আবদুর রশিদ মাঝি, হাজিরহাটের সফি মাঝি, রইজল মাঝিসহ একাধিক জেলের অভিযোগ, আলতু সরদার মেঘনায় তাঁদের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে মাছ বিক্রির টাকা থেকে শতকরা ১৫ টাকা কেটে নিচ্ছেন।জেলে ও আড়তদারেরা আরও জানান, মেহেন্দিগঞ্জের সুলতানী খালের মাথা, কালীগঞ্জদোন, কানীবগার চরসহ বিভিন্ন মাছঘাটে আলতু সরদারের লোকজন বিভিন্ন আড়ত থেকে শতকরা পাঁচ টাকা চাঁদা ওঠাচ্ছে। আড়তদারেরা সে টাকা ওঠাচ্ছেন মাছের দাম কম হেঁকে। ভোলা পুলিশ সুপার বশির আহাম্মদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’