
বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে নববর্ষের আলপনা আঁকার পরিকল্পনা ছিল শাহীন ফেরদৌস ও তাঁর বন্ধুদের। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শাহীনের। রক্তে রাঙা হলো সেই সড়কটি।
শাহীন রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। তাঁর বন্ধুরা বলছেন, গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে মিরপুর সড়কে উল্টোপথে চলতে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন শাহীন। পরে সন্ধ্যার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত শিক্ষার্থীর বন্ধুরা জানান, পয়লা বৈশাখ উপলক্ষে ক্যাম্পাসের সামনের রাস্তায় আলপনা আঁকার পরিকল্পনা ছিল তাঁদের। এ জন্য মালামাল কিনতে যাওয়ার জন্য ক্লাস পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বের হয় শিক্ষার্থীদের দলটি। বিকেল সাড়ে চারটার দিকে বন্ধুদের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ক্যাম্পাসের সামনেই দুর্ঘটনাটি ঘটে। মিরপুর সড়ক ধরে উল্টোপথে সোবহানবাগের দিকে চলতে থাকা একটি মাইক্রোবাস শাহীনকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপরে আছড়ে পড়েন শাহীন। তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। বন্ধুরা তাঁকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানেই সন্ধ্যা পৌনে আটটার দিকে তিনি মারা যান।
ঘটনার পরপরই একদল শিক্ষার্থী ওই মাইক্রোবাসটি আটক করেন। গাড়ির সামনে সাদা কাগজে লেখা ছিল, ‘মহিলাবিষয়ক অধিদপ্তর, কর্মরত মহিলা গার্মেন্টস শ্রমিকদের আবাসনের জন্য হোস্টেল নির্মাণ, বড় আশুলিয়া, সাভার, ঢাকা প্রকল্প’। শিক্ষার্থীরা ওই গাড়িসহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। কিছুক্ষণ সড়কটি বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গাড়ি আটক করা হয়েছে। চালক পালিয়েছেন।
স্কয়ার হাসপাতালে শাহীন চিকিৎসাধীন থাকা অবস্থায় খবর পেয়ে শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হন। রাত পৌনে আটটার দিকে চিকিৎসকেরা শাহীনকে মৃত ঘোষণা করলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে হইচই শুরু করেন। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। এরপর হাসপাতালে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। হাসপাতালের প্রবেশপথগুলোও বন্ধ করে দেওয়া হয়।