আলপনা যাঁর ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটের টুকরা, কাঠকয়লা আর চক। এসবই কাজে লাগান তিনি। সড়ক ও খোলা জায়গায় আঁকেন চমৎকার সব আলপনা। লেখেন নানা কথা। কিন্তু মুখে কিছু বলেন না। কিছু জিজ্ঞেস করলে উত্তর লিখে দেন।

এই ব্যক্তির নাম আবদুল কাদের। বয়স ৫০ থেকে ৫৫ বছর। বাড়ি বরিশালে।

‘শত ব্যথার মাঝেও যে হাসি, সে হাসি অনেক দামি।’

‘ঘর ছেড়ে পা বাড়ালেই... দুর্ঘটনার পথে/গাড়ি-ঘোড়া নিয়ে রাস্তা ছেড়ে দাঁড়ান/ দুর্ঘটনা এড়ান। মনে রাখবেন, আপনার আপনজন আপনার অপেক্ষায়।’

আবদুল কাদের বেশ কিছুদিন ধরে কুষ্টিয়া শহরসহ মিরপুর উপজেলার বিভিন্ন মোড়ে সড়কের ওপর আঁকাজোকা করছেন। ২৭ এপ্রিল বিকেলে কাদেরকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাবাজারে দেখা যায়। সেখানে তিনি চক, ইটের টুকরা, লতাপাতা ও কয়লা দিয়ে আলপনা আঁকছিলেন। তাঁকে ঘিরে ছিল মানুষের জটলা। কিন্তু তিনি কারও সঙ্গে কথা বলছেন না। কিছু জানতে চাইলে সড়কে চক দিয়ে লিখে উত্তর দেন। কেন কথা বলেন না জানতে চাইলে তিনি লেখেন, ‘কথা বলার মন-মানসিকতা সব সময় থাকে না।’

এঁকে ও লিখে মানুষের কাছে সহায়তা চান কাদের। সাহায্য চেয়ে কাদের লেখেন, ‘পথ চলতে চলতে খাবার-দাবারের জন্য যদি কারও কিছু দিতে মন চায়...., আমি খুব ক্ষুধার্ত’। ভিড় করে থাকা মানুষ কাদেরের আলপনা ও লেখা দেখে মুগ্ধ হয়ে দু-এক টাকা করে সাহায্য করে।

আমলাবাজারের ব্যবসায়ী কাঞ্চন কুমার বলেন, ‘২৭ এপ্রিল সকাল থেকে আবদুল কাদের বাজারে বসেছিল। প্রথমে মনে হয়েছিল লোকটা পাগল। তারপর দেখলাম, না সে কিছু বলতে চায়। কিন্তু কেউ প্রশ্ন করলে সে উত্তর দিচ্ছে না, লিখে জানাচ্ছে। অদ্ভুত মানুষ। কিন্তু তার আঁকা ছবি ও হাতের লেখা চমৎকার।’

পরিবার সম্পর্কে জানতে চাইলে কাদের কিছু লিখবেন না বলে মাথা নাড়ান। কিন্তু নিজের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি লেখেন, ‘ছন্নছাড়া মন ঠিক হয়ে আজও কোথাও দাঁড়ায় না। যেখানে যায়, মানুষে বলে পাগল। বাবা-মা নিয়ে সুখেই ছিলাম আমরা, নদীর ভাঙনে সব গেছে, বুঝিনি সব হারিয়েছি খেলার ছলে।’