আলফাডাঙ্গায় আট বাড়িতে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গার একটি গ্রামে প্রতিপক্ষ হামলা চালিয়ে আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলার মালা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মালা গ্রামের আলীমুজ্জামান সিকদার (৬৫) ও আশরাফুল সরদারের (৬০) মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে দুই পক্ষের মধ্যে প্রায়ই বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। তবে আশরাফুল সরদারের পক্ষে বর্তমানে নেতৃত্ব দেন কামাল সরদার। এলাকায় দুই পক্ষ সিকদার ও সরদারপক্ষ হিসেবে পরিচিত।
শুক্রবার সরদারপক্ষের এক সমর্থক প্রতিপক্ষের হামলার শিকার হন। এর জের ধরে পরদিন শনিবার সকালে সিকদারপক্ষের এক সমর্থককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের দুজন উপপরিদর্শক (এসআই) ও তিনজন কনস্টেবল আহত হন। পরে গ্রামের বিভিন্ন বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এরপর পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।
ওই মামলার পর সিকদারপক্ষের সমর্থকেরা বাড়ি ছেড়ে আত্মগোপন করেন। এ সুযোগে বুধবার ভোরে সরদারপক্ষের ৪০-৫০ জনের একটি দল প্রতিপক্ষের বাড়িতে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা সিকদার সমর্থক সুমন শেখ, সোহান মোল্লা, ছাব্বির শেখসহ আটজনের বসতবাড়ি ভাঙচুর করে। এ ছাড়া তারা প্রবাসী লিটু শেখের বাড়ি থেকে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী হাসেরা বেগম। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।